‘শামীম নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করবেন’
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।
রোববার বিকালে সদর উপজেলার পাগলায় চিতাশাল বালুর মাঠে ফতুল্লা থানা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
এই এলাকার বর্তমান সাংসদ ক্ষমতাসীন দলের সারাহ্ বেগম কবরী।
২৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর কাঁচপুর সেতুতে জনসভা করার ইচ্ছা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সেদিন বিএনপি, জামায়াত ও হেফাজতকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না।
বক্তৃতায় তিনি ড. কামাল হোসেন, সৈয়দ আবুল মকসুদ, মাহমুদুর রহমান মান্নার কঠোর সমালোচনা করেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।
