বাগেরহাটে ৪ বিএনপি নেতা গ্রেপ্তার
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির চার নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার দুপুরে পাশের উপজেলা শরণখোলা সদরের পাঁচ রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলা বিএনপির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবজাল হোসেন জমাদ্দার, বিএনপি নেতা সোহেল ও মুন্না।
শরণখোলা থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজী মোরেলগঞ্জ উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামানের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর শরণখোলা আসে।
শরণখোলা উপজেলা সদরের পাঁচ রাস্তার মোড়ের লোকজন ওই মোটরসাইকেল বহর দেখে আতংকিত হয়ে সংবাদ দিলে পুলিশ গিয়ে চার নেতাকে গ্রেপ্তার করে।
মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বিএনপি সহসভাপতি মো. নুরুল ইসলাম বলেন, বাগেরহাট-৪ আসনে আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান প্রচারণা চালাচ্ছেন। ঈদের আগের দিন তিনি ঢাকা থেকে এলাকায় এসে প্রতিদিনই ভোটারদের কাছে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় রোববার সকালে বিশটি মোটরসাইকেলের বহর নিয়ে তিনি নির্বাচনী এলাকা শরণখোলা যান।
