২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী কয়েক দিনে অনেক কিছু দেখবেন’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী কয়েক দিনে জনগণ ‘অনেক কিছু’ দেখবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 04:13 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

ঈদের ছুটির পর প্রথম কার্যাদিবস রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অন্তবর্তীকালীন সরকার বা সর্বদলীয় সরকার গঠনে আওয়ামী লীগ বিরোধীদলকে চিঠি দেবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “একটু অপেক্ষা করুন, দেখুন, সামনের কয়েকদিন অনেক কিছু দেখবেন।”

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবিতে আন্দোলনরত বিএনপি ২৫ অক্টোবর ঢাকায় জনসভা করার ঘোষণা দেয়ার পর আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দেয়। এ নিয়ে উদ্বোগ উৎকণ্ঠা সৃষ্টির প্রেক্ষাপটে রোববার থেকেই রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।    

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে বিরোধী দলকে তাতে যোগ দেয়ার প্রস্তাব দেন।

এ নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও বিএনপি বলেছে, প্রধানমন্ত্রীর ওই প্রস্তাবে সরকারপ্রধান কে হবে- তা স্পষ্ট হয়নি।  

সভা-সমাবেশ নিষিদ্ধের ফলে সংলাপ বা সমঝোতায় কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন “স্বরাষ্ট্র মন্ত্রণালয় বড় ধরনের নাশকতার খবর পেয়ে আগাম ব্যবস্থা নিয়েছে। সমঝোতার পথে এ বিষয়টি অন্তরায় হবে বলে আমি মনে করি না।”

২৫ অক্টোবরের পর কি ঘটবে জানতে চাইলে মন্ত্রী বলেন “২৫ অক্টোবরের পর তো আকাশ ভেঙে পড়বে না। একটি সরকারও থাকবে, সংবিধান অনুযায়ী দেশও চলবে।”

আওয়ামী লীগ নেতা কাদেরের মতে, সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবে সংলাপ ও সমঝোতার নতুন ক্ষেত্রে তৈরি হয়েছে, যা বিরোধীদলের কাজে লাগানো উচিৎ।

ব্যারিস্টার রফিক-উল হক ও আকবর আলি খান ‘আওয়ামী লীগের কট্টর সমালোচক’ হলেও তারা এ প্রস্তাবকে ‘ইতিবাচক’ হিসাবে দেখেছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, “ব্যারিস্টার রফিকুল হক এ প্রস্তাবকে ৯০ শতাংশ ইতিবাচক বলেছেন।”