‘সরকার আতঙ্ক ছড়াতে পুলিশ বসিয়েছে’
২৫ অক্টোবর বিএনপির জনসভার ঘোষণা এবং নেতাকর্মীদের দা-কুড়াল নিয়ে তৈরি থাকার আহ্বানে সৃষ্ট উত্তেজনার মধ্যেই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, সরকার জনমনে ‘আতঙ্ক সৃষ্টির জন্যই’ ঈদের ছুটির মধ্যে বিএনপি অফিসের সামনে প্রিজন ভ্যান ও বাড়তি পুলিশ মোতায়েন করেছে।
সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হওয়ার কথা। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল চায় বিএনপি।
এ দাবিতে ২৫ অক্টোবর রাজধানীতে জনসভার ঘোষণা দিয়ে সেদিন দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
তার ওই বক্তব্যের পর থেকেই ঢাকা মহানগর বিএনপির প্রধান ও সাবেক মেয়রের বাড়িতে একাধিকবার অভিযান চালায় পুলিশ।
ঈদের পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছাকাছি পুলিশের অবস্থান জোরদার করা হয়। মহিলা পুলিশেরও একটি দলও সেখানে মোতায়েন করা হয়।
কার্যালয়ের পাশে ১০ গজ দূরে পূবালী ব্যাংকের কাছে রাখা হয় একটি প্রিজন ভ্যান। সড়কের অপর পাশেও কিছু পুলিশ সদস্যকে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সামনে আন্দোলনের হুমকি আছে। জন নিরাপত্তার অংশ হিসেবেই বিএনপি কার্যালয়ে আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে রুহুল কবীর রিজভী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জানতে পেরেছি, দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকের সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঈদের পর এমনতিতেই ছুটি। এ থেকে বোঝা যায়, তারা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের তৎপতা চালাচ্ছে।”
তবে সরকার নির্দলীয় সরকারের দাবিতে ‘জনগণের আন্দোলনকে’ কোনোভাবেই রুখতে পারবে না মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “আমরা সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই, আপনাদের কোনো তৎপরতাই সফল হবে না।”
বিএনপি নেতারা জানান, দলের কার্যালয়ে আপাতত দুজন অফিস কর্মী ছাড়া অন্য কেউ নেই। তারা প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান করছেন।
এদিকে পুলিশি নিরাপত্তা বাড়ানোর খবরে সকাল থেকেই গণমাধ্যমকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন। তবে দুপুর পর্যন্ত কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।
রুহুল কবির রিজভী বলেন, “একটি বৃহৎ রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে ছুটির দিনে এভাবে নিরাপত্তা জোরদারের নামে পুলিশের উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার ২৫ অক্টোবর দেশনেত্রী খালেদা জিয়ার জনসভাকে বানচাল করতেই আতঙ্ক সৃষ্টি করতে চায়। নেতা-কর্মীদের বাসা-বাড়িতেও তারা হানা দিচ্ছে।’’
এদিকে দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি সাংবিধানিক ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলে আগামি ২৫ তারিখে ১৮ দলের সমাবেশে অনুমতি চাওয়া হয়েছে। সরকার এই সমাবেশের অনুমতি না দিলেও যে কোনো মূল্যে সমাবেশ করা হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, আব্দুল আজিজ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সমাবেশে সরকার বাধা দিলে নেতা-কর্মীরা চুপ করে বসে থাকবে না। নিজেদের নিরাপদ রাখতে তারাও মাঠে প্রস্তুত থাকবে।
