এবার ‘ফাইনাল খেলা’: ফখরুল
প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই দলের নেতা-কর্মীদের আগামী ২৪ অক্টোবরের পর চূড়ান্ত আন্দোলনের জন্য তৈরি হতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হয়ে গেছে। আর মাত্র সাত দিন আছে। এবার ফাইনাল রাউন্ডের খেলা। এই খেলায় আমাদের জয়ের কোনো বিকল্প নেই,” সোমবার বিকালে ঢাকা মহানগর বিএনপির এক সভায় বলেন তিনি।
এর আগে সকালে নয়া পল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকেও মির্জা ফখরুল আন্দোলনের জন্য নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া ২৪ অক্টোবরের পর সরকার পতন আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন।
এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেন, “তারা যদি জনগণের জন্য কেয়ামত আনতে চায়- তাহলে জনগণকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে। জনগণের জানমালের নিরাপত্তা দেয়া ও শান্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
নির্বাচনের দিন গণনার শুরুতেই সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। সেদিন ঢাকায় বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও সমাবেশ ডাকায় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
বিরোধী দলকে প্রতিহতে আওয়ামী লীগের রাজপথে থাকার ঘোষণার প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর বিএনপির সভায় সাদেক হোসেন খোকা বলেন, “আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা-কুড়াল-বল্লম-লাঠি-সোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে।
এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল চায় বিএনপি।
সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে কার্যউপদেষ্টা কমিটির। এর মধ্যে নির্দলীয় সরকার পদ্ধতির বিল তুলে তা সংসদে পাস করার দাবি জানিয়ে আসছিল বিএনপি।
কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন, নবম সংসদের এই অধিবেশন অব্যাহত রাখা হবে।
২৪ অক্টোবরের পর সরকারের বৈধতা থাকবে না দাবি করে বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, এই সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সংসদ অধিবেশন চালানো যাবে।
সরকারি দল ও বিরোধী দলের পাল্টাপাল্টি অবস্থানে ২৫ অক্টোবর নিয়ে জনমনে আশঙ্কার মধ্যে মির্জা ফখরুল দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন।
নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে ২৫ অক্টোবরের জনসভার এই প্রস্তুতি সভায় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “মনে রাখতে হবে- এই খেলায় জয় হলে আমরা টিকে থাকব, নইলে অস্তিত্ব থাকবে না।”
বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আমাদের পথ, রাস্তা ও লক্ষ্য একটাই- দুর্বার গণ আন্দোলন, দুর্বার গণ আন্দোলন, দুর্বার গণ আন্দোলন। এজন্য সব বিভেদ-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়া চাই।”
২৪ অক্টোবরের পর সংসদ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, “সরকার বুঝতে পেরেছে, তারা ক্ষমতায় না থাকলে তাদের দল আওয়ামী লীগ থাকবে না। তাই তারা ভয় পেয়ে এখন বলছে, সংসদ থাকবে-সংসদ চলবে।”
ফাইল ছবি
“আমরা সরকরকে স্পষ্টভাষায় বলতে চাই, অনেক এদিকওদিক করেছেন। শেষ মুহূর্তে এসে জনগণের সঙ্গে আপনারা বেঈমানি করবেন না। তাহলে পালাবার পথ পাবেন না,” হুঁশিয়ারি দেন তিনি।
২৫ অক্টোবর ঢাকার সমাবেশ সফল করতে মহানগর নেতা-কমীদের প্রতি আহবান রেখে তিনি বলেন, ‘‘ ওই সমাবেশ করতে গিয়ে বাঁধা আসতে পারে। তা মোকাবেলা করেই সমাবেশকে সফল করতে হবে।’’
জঙ্গিবাদ নিয়ে বিএনপির বিরুদ্ধে সরকারের ‘অপপ্রচারের’ সমালোচনা করে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন। তারা এইসব জঙ্গিবাদের কথা বলে বিদেশিদের বোঝাতে চায়, বিএনপি এলে জঙ্গিবাদের উত্থান হবে।
“এজন্য কোথাকার বিল্লা পার্টিসহ নানা পার্টি সাজিয়ে অস্ত্র উদ্ধার দেখিয়ে সরকার বিদেশিদের দেখাতে চায়, বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে। তাই তাদের বাদ দিয়ে নির্বাচন করতে হবে। আসলে এটা বিরোধী দলকে বাইরে রেখে এককভাবে নির্বাচন করার একটি সাজানো কলা-কৌশল।”
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে যৌথসভায় যুগ্ম আহ্বায়করাসহ ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা ২৫ অক্টোবর সমাবেশ সফল করতে কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
