সাজানো ঘটনায় মোবিনকে আটক করেছে পুলিশ: বিএনপি
সাজানো ঘটনা ঘটিয়ে পুলিশ ১৮ দলীয় জোটের শরিক দল ইসলামিক পার্টির চেয়ারম্যানকে আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার গভীর রাতে এক জরুরি সংবাদ ব্রিফিং ডেকে এ অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “ঈদের পর নির্দলীয় সরকারের আন্দোলনকে দমাতে পুলিশ রাজধানীসহ সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। রাতে ঢাকায় ১৮ দলীয় জোটের নেতা অ্যাডভোকেট আবদুল মোবিনকে তার কার্যালয় থেকে সাজানো ঘটনায় পুলিশ আটক করেছে।
“আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলে দিতে চাই, এভাবে হুমকি-ধমকি-ভয়-ভীতি দেখিয়ে, মিথ্যা সাজানো মামলা দায়ের করে বিরোধী দলের নেতা-কর্মীদের ঘরে বসিয়ে রাখা যাবে না। নির্দলীয় সরকারের দাবির আন্দোলনে তারা থাকবেই।’’
তিনি অবিলম্বে আবদুল মোবিনের মুক্তি দাবি জানান।
বৃহস্পতিবার রাতে শান্তিনগর প্লাজার দলীয় কার্যালয় ও চেম্বার থেকে মোবিনকে গ্রেপ্তার করে পুলিশ।সেখান থেকে রাজারবাগমুখী পুলিশের গাড়িতে ঢিল ছোড়া হয় বলে জানিয়েছেন রমনা থানার ওসি মশিউর রহমান ।
ফাইল ছবি
খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের ঝিনাইদহের বাড়িতে পুলিশ প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, “গত সাড়ে ৪ বছরে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা-নির্যাতন-গুম-হামলা করেছে। এখন সামনে ঈদুল আজহা। এই সময়ে তারা একই কাজ করে চলেছে। উদ্দেশ্য একটাই ঈদের পর যাতে বিরোধী দল আন্দোলন করতে না পারে।
“সরকারকে বলব, এখনো সময় আছে, শুভ বুদ্ধির উদয় হলে নিদর্লীয় সরকারের দাবি মেনে নেবেন। নইলে গণ অভ্যুত্থানে আপনাদের পতন ঘটানো হবেই।”
এসময় দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
