২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক পার্টির চেয়ারম্যান আটক

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শরিক ইসলামিক পার্টির চেয়ারম্যানকে তার কার্যালয় থেকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 12:36 AM

Updated : 23 Aug 2022, 07:05 PM

পুলিশ দাবি করেছে, শান্তিনগরে ইসলামিক পার্টির কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছিল।

তবে বিএনপি বলেছে, বিরোধী দলকে দমন-পীড়নের অংশ হিসেবেই আটক করা হয়েছে তাদের জোটের নেতা আব্দুল মবিনকে।

শান্তিনগর প্লাজার দোতালায় অ্যাডভোকেট আব্দুল মবিনের চেম্বার ও দলীয় কার্যালয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে রাজারবাগমুখী পুলিশের গাড়িতে ঢিল ছোড়া হয় বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর ডিউটি শেষ করে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বহরের গাড়িগুলো রাজারবাগ পুলিশ লাইনে যাওয়ার সময় ওই ভবন থেকে ঢিল ছোড়া হয়। এতে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।”

ওই ভবন থেকে ১৬ জনকে আটক করা হয় জানিয়ে ওসি বলেন, সবাইকে থানায় আনা হয়েছে। এই ঘটনায় তাদের সম্পৃক্ততা কতটুকু, তা গোয়েন্দা পুলিশের সহায়তা নিয়ে যাচাই করা হচ্ছে।

আব্দুল মবিনকে আটকের নিন্দা জানিয়ে রাতে বিএনপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ঈদের পর নির্দলীয় সরকারের আন্দোলনকে দমাতে পুলিশ রাজধানীসহ সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।

“১৮ দলীয় জোটের নেতা আব্দুল মবিনকে তার কার্যালয় থেকে সাজানো ঘটনায় পুলিশ আটক করেছে।”

বিএনপির যুগ্মমহাসচিব অবিলম্বে মবিনকে মুক্তি দেয়ার দাবি জানান।

তিনি বলেন, “ঢাকায় বিভিন্ন ওয়ার্ডে সাবেক কমিশনারদের বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। আমাদের কাছে খবর এসেছে, রাজশাহী, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে পুলিশ নেতা-কর্মীদের বাসায় হানা দিচ্ছে। ভয়ে তারা বাসায় থাকতে পারছে না।”

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের ঝিনাইদহের বাড়িতে পুলিশ প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগও করেন রিজভী।

বিরোধী দল দমনের পথ থেকে সরে এসে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।