২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে বাঁচাতে সিঙ্গাপুরে তিনি: শেখ হাসিনা

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাঙ্গাইল প্রতিনিধি

জামালপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 10:15 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

সিঙ্গাপুর গেলেন খালেদা

সিঙ্গাপুরে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফেরত আনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, “উনার ছেলে বিদেশে অর্থ পাচার করেছে। ছেলেকে বাঁচাতে তিনি এখন সিঙ্গাপুরে গেছেন।”

স্বাস্থ্যপরীক্ষার জন্য বুধবার সিঙ্গাপুর গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই মাস আগে একই দেশে তার সফরের ভিন্ন উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নেতারা বলে আসছিলেন।

বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরে এক জনসভায় বক্তব্যে খালেদা জিয়ার এবারের সফর নিয়েও প্রশ্ন তুললেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি আরো বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেত্রী উঠেপড়ে লেগেছেন। তিনি খুনিদের নিয়ে চলতে ভালবাসেন।

“বিএনপি ক্ষমতায় থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি আর দুঃশাসন ছাড়া মানুষকে কিছুই দিতে পারেনি।”

“যারা কাবা শরিফ নিয়ে মিথ্যাচার করতে পারে, মসজিদে আগুন দিতে পারে, কোরআন পোড়াতে পারে, তারা কখনো মুসলমান হতে পারে না।”

জনসভাস্থলে থেকে জামালপুরের কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিস্থাপন করেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোটও চান তিনি।

সম্প্রতি বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রীর এই ভোট চাওয়া নিয়ে বিরোধী দল সমালোচনা করে আসছে। একে নির্বাচনী বিধি লঙ্ঘন বলে বিএনপি দাবি করলেও ইসি বলেছে, এটা বিধি লঙ্ঘনের আওতায় পড়ে না।

ইসলামপুরের জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী গত সাড়ে চার বছরে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন,পুনরায় ক্ষমতায় এলে জামালপুরে মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

“স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আমরা ১৫ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক তৈরি করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল।”

“আমরা আবার ক্লিনিকগুলো চালু করেছি এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। মানুষ বিনামূল্যে ওষুধ পাচ্ছে।”

বিনামূল্যে পাঠ্যবই দেয়া, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া, বেকারদের চাকরি দেয়া, ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা, সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম।

সংসদ সদস্য ফরিদুল হক খাঁন দুলাল, সংসদ সদস্য মুরাদ হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন মোশাররফ বেবীও এই জনসভায় বক্তব্য রাখেন।

শামসুল হকের নামে সেতু

টাঙ্গাইল-নাগরপুর-ঘিওর-দৌলতপুর-আরিচা সড়কের এলাসিনে ধলেশ্বরী নদীতে নবনির্মিত সেতু উদ্বোধন করে এর নাম শামসুল হকের নামে করার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার তিনি সেতুটি উদ্বোধনের পর দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের অবদান তুলে ধরেন।

১৯৪৯ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ। এর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পরে আওয়ামী লীগ নাম থেকে ‘মুসলিম’ শব্দটি ফেলে অসাম্প্রদায়িক চরিত্র ধারণ করে।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের অবদান তুলে ধরে আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা বলেন, “শামসুল হক অত্যন্ত মেধাবী ছিলেন। সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।

“তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। গ্রেপ্তার করে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।”

দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের কাজের কোনো স্বীকৃতি বর্তমান আওয়ামী লীগের নেই বলে সমালোচনা রয়েছে। এর মধ্যেই টাঙ্গাইলের বাসিন্দা শামসুল হকের নামে ওই জেলায় একটি সেতু হল।

উদ্বোধনের পর এলাসিনে এক সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,এই সেতু নির্মাণের ফলে টাঙ্গাইল ও ঢাকার সড়ক যোগাযোগ সহজ হবে। স্থানীয়দের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার ২১ হাজার কিলোমিটার সড়ক, ৪ হাজার বৃহৎ সেতু, ৭ হাজার ছোট সেতু ও কালভার্ট নির্মাণ করেছে বলে জানান তিনি।

উদ্বোধনের ভিত্তিফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে ৯৪ কোটি টাকায় নির্মিত ৫১৫ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের সেতুটি ঘুরে দেখেন।

শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গরিব মানুষের অন্ন-বস্ত্র-কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।

“বিএনপি সরকারের সময় কৃষক সার পায়নি, বরং সারের জন্য ১৮ জন কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইলের ঘাটাইলের কৃষকরাও ছিল।”

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে ওই সমাবেশে উপস্থিত ছিলেন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন, শওকত মোমেন শাজাহান, একাব্বর হোসেন, আমানুর রহমান খান রানা প্রমুখ।