২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিরুদ্ধে রুল

মেয়াদ শেষের পরও এক শিক্ষককে স্বপদে বহাল রাখায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ ৬ জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।

রুলে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুবোধচন্দ্র সরকারের চাকরির মেয়াদ বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

ওই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এরশাদ, শিক্ষা সচিব, ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক, সহকারী প্রধান শিক্ষক সুবোধচন্দ্র সরকার, কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামান মিয়াকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটে বলা হয়, ২০১১ সালের ৪ জানুয়ারি সুবোধচন্দ্র সরকারের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। এরপরও পরিচালনা কমিটি অবৈধভাবে তার চাকরি বহাল রেখে প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দিচ্ছে।

এতে বলা হয়, “কোনো শিক্ষকের চাকরি বর্ধিত করা যাবে না- মর্মে ২০০৬ সালের ১১ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। ২০১০ সালের ১৫ ডিসেম্বর ও ২০১২ সালের ১৭ জুন দেয়া হাই কোর্টের দুটি রায়ে বলা হয়, ৬০ বছর পূর্ণ হলে আর চাকরির মেয়াদ বর্ধিত করা যাবে না।

“কিন্তু পরিচালনা পরিষদের চেয়ারম্যান এইচএম এরশাদসহ অন্যান্য সদস্যরা অবৈধভাবে ওই শিক্ষকের চাকরির মেয়াদ বর্ধিত করে যাচ্ছেন।”

গত রোববার হাই কোর্টে আব্দুল খালেক মনি নামে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক এই রিট করেন।