২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সংবিধান মতেই: হাসিনা

দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিরোধে বিরোধী দলের হুমকির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:28 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

একক নির্বাচন ঠেকাতে সংগ্রাম কমিটি গড়ুন: খালেদা

দেশবাসীকে কোনো ‘অপপ্রচারে’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সোমবার দলের এক সভায় একথা বলেন তিনি।

এর দুদিন আগেই সিলেটে জনসভায় বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একতরফা নির্বাচন প্রতিরোধে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই পরবর্তী সংসদ নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে বিএনপি।

বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বরাবরই বলে আসছেন, সংবিধানিক ধারা অনুসরণ করে নির্বাচন হবে।

শেখ হাসিনা সোমবারও বলেন, “আমাদের সরকারের আমলে ৫ হাজারেরও বেশি নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে কোনো অশান্তি হয়নি। ....বিএনপি, আর সঙ্গে দোসর হল জামাত। এদের কাজই হচ্ছে, দেশে অশান্তি সৃষ্টি করা।

“আমি দেশের মানুষকে আহ্বান করব, তারা যেন অন্তত তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হন। আর সংবিধান মোতাবেক নির্বাচন হবে, জনগণ ভোট দেবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “অত্যন্ত গুরুত্ব দিয়ে এই নির্বাচনটাকে পরিচালনা করতে হবে। যে অগ্রযাত্রা শুরু করেছি, তা যেন ব্যাহত না হয়।”

আগামী নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসাবে এদিন গণভবনে দলের ঠাকুরগাঁও, কক্সবাজার, বাগেরহাট, গাইবান্ধা, ফেনী, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা এবং এই ছয় জেলার অন্তর্গত উপজেলা, থানা ও প্রথম শ্রেণির পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী।

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের ক্ষমতায় থাকার গুরুত্ব জনগণের কাছে তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান তিনি। 

“মানুষের এই উন্নতি, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তার জন্য আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিরোধীদলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “উনি (খালেদা জিয়া) যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে হাসিনামুক্ত বাংলাদেশ চান।

“উনি তো এখন হেফাজতে ইসলামকে সাথে নিয়ে, জামাতকে সাথে নিয়ে.. ওনার যে রাজনীতি, তাতে তেতুল তত্ত্ব যা দিয়েছে; তাতে মেয়েরা এদেশে পড়াশোনা করতে পারবে না। ক্লাস ফোর পর্যন্ত পড়তে হবে।”

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী এক ওয়াজে মেয়েদের তেঁতুলের সঙ্গে তুলনা করে তাদের চতুর্থ বা পঞ্চম শ্রেণির বেশি পরাশোনা না করানোর কথা বলেন।

হেফাজতে ইসলামকে সমর্থনকারী বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষার অগ্রগতি থেমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। “মানুষ কী চায়, দেশ অন্ধকারের দিকে যাক; না আলোর পথে যে যাত্রা শুরু হয়েছে, সেদিকে থাকুক।” সিলেটের জনসভায় খালেদা জিয়ার সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর থাকার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “উনি কী রকম মিথ্যা কথা বলেন, আপনারই দেখেন।

“যে জয়লাভ করেছে, তাকে পাশে নিয়ে উনি বলেন, এই আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আমার প্রশ্ন- ওনার ক্যান্ডিডেট জেতে কীভাবে, যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হয়।”

“আসলে যার চুরি করার অভ্যাস, সে তো সবাইকে চোরই মনে করে। ওনাদের অভ্যাস দুর্নীতি করা, চুরি করা, এতিমের টাকা মেরে খাওয়া। আর, সন্ত্রাস আর মানুষ খুন করা। নিজে মানুষ খুন করাবে, আর সবাইকে খুনি মনে করে,” বলেন তিনি।

গাজীপুর, সিলেট, রাজশাহী, খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে, বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

“সিটি কর্পোরেশন নির্বাচনের সময় কিছু মহিলাদের নামিয়ে দিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে অপপ্রচার চালিয়েছে, আওয়ামী লীগ সব মুসুল্লিদের মেরে ফেলে দিয়েছে। মসজিদে আর আজানও হবে না, নামাজও হবে না, মরলে জানাজা হবে না।”

অপপ্রচার মোকাবেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের তৎপর হতে বলেন শেখ হাসিনা।