২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকতার জন্য ভোট চাই আরেকবার: শেখ হাসিনা

চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 07:33 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

আগামী নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ে রোববার কয়েকটি জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

একাত্তরের যুদ্ধাপরাধীদের চলমান বিচারের রায় কার্যকর করতেও আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ওপর গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি বলেন, “আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমি দেশবাসীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আরেকটি বার সুযোগ দেয়ার আহ্বান জানাব।

“যাতে করে আর্থ-সামজিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি এবং যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করতে পারি।”

সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। তবে নির্দলীয় সরকারের অধীনে না হলে বিএনপির নির্বাচন বয়কটের হুমকিতে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কাও রয়েছে রাজনৈতিক মহলে।

শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, “উনি বলেছেন, তিনি আমাকে দেখতে চান না। সকলেই জানে, তিনি কেন আমাকে ক্ষমতায় দেখতে চান না।

“কারণ, তিনি ভালো করেই জানেন আমি ক্ষমতায় না থাকলে উনি যুদ্ধাপরাধীদের বুকে টেনে নেবেন, তাদের হাতে লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা তুলে দেবেন। তাদের মুক্ত করে মন্ত্রী বানাবেন।”

“উনি এটাও জানেন, শেখ হাসিনাই এই বিচার করবে। সেজন্যই উনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চান।”

যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দৃঢ় আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, “জাতিকে কলঙ্কমুক্ত করতে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। রায়ও আসতে শুরু করেছে। ইনশাল্লাহ, রায়ও বাস্তবায়ন হবে।”

গণভবনে বিকালে ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, মেহেরপুর, মাদারীপুর, নড়াইল ও জয়পুরহাট জেলা এবং এই জেলাগুলোর অন্তর্গত উপজেলা, থানা ও প্রথম শ্রেণির পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী।

প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগ প্রধান গত ৪ সেপ্টেম্বর থেকে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করেন। আগামী ১২ অক্টোবর তা শেষ হবে।

শেখ হাসিনা এর আগে জানিয়েছিলেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে।