‘চট্টগ্রাম থেকেই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেবেন খালেদা’
ঈদের পর খালেদা জিয়া চট্টগ্রাম থেকেই তত্ত্বাবধায়ক সরকার দাবিতে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন।
শুক্রবার বিকালে বন্দরনগরীতে এক আলোচনা সভায় নোমান বলেন, “চট্টগ্রাম হচ্ছে আন্দোলন সংগ্রামের সূতিকাগার।চট্টগ্রাম থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
“এবার এই চট্টগ্রাম থেকেই দেশনেত্রী খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।”
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা নগরীর পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘জিয়া পরিবার ও গণতন্ত্র’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে।
নোমান বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে চট্টগ্রামবাসী চট্টগ্রামের সব কয়টি আসন আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিবে।”
ড্যাব সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, অধ্যাপক ইনামুল হক, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, ড্যাব চট্টগ্রাম শাখার সভাপতি ডা. আশরাফুল কবির ভুঁইয়া ও সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
