‘বিদেশি হস্তক্ষেপ না চেয়ে সংসদে আসুন”
নির্বাচন নিয়ে বিদেশের হস্তক্ষেপ না চেয়ে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশের সমস্যা দেখে, বিদেশিদের উতকণ্ঠা দেখে আমাদের ভাল লাগে। তবে এখানে তাদের মুরুব্বিআনার কোন সুযোগ নেই। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।”
সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আসন্ন নির্বাচনে নিজেদের পরাজয়ের আশঙ্কা থেকেই বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “অনেকেই বলছেন আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু এটা মিথ্যাচার। আমরা সবদলের অংশগ্রহণে বহুদলীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা বলছি, ক্ষমতা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে।”
“আসলে নির্বাচন যতই এগিয়ে আসছে, বিরোধী দলের হতাশা ততই বাড়ছে। এ কারণেই তারা এ ধরনের কথা বলছেন।”
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা শেখ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, যুবলীগের কেন্দ্রীয় নেতা মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।
