যুক্তরাষ্ট্র যুবলীগে আবার মারপিট
কমিটি নিয়ে অসন্তোষ থেকে আবার মারামারি বেঁধেছে যুক্তরাষ্ট্র যুবলীগে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরের আগে রোববার রাতে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এই মারামারির সময় প্রবাসী আওয়ামী লীগ নেতারাও ছিলেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে গেলেও তার আগেই মিটমাট করা গেছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে এ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর নিয়ে ওই বৈঠক করছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর প্রবাসী নেতারা।
ওই বৈঠকের খবর পেয়ে যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সেখানে যান। তারা যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির নেতা তারিকুল হায়দার চৌধুরী ও বাহার খন্দকার সবুজের ওপর চড়াও হন।
মারামারির সময় ব্যাপক হট্টগোল ও বেশ কয়েকটি চেয়ার ভাংচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
গত ২৩ জুন যুবলীগের কেন্দ্রীয় কমিটি সংগঠনের যুক্তরাষ্ট্র কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে। তারপর থেকে সংগঠনে উত্তেজনা চলছে। গত ২৮ অগাস্ট আরেকটি সভায়ও যুবলীগের দুই পক্ষে মারামারি বেঁধেছিল।
রোববারের বৈঠকে উপস্থিত সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা জানান, সভায় যুবলীগের সঙ্কট নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়েছে, শেখ হাসিনার সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্র যুবলীগের সঙ্কট নিরসনে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “ওই সিদ্ধান্তের পর বৈঠক ভালোভাবেই শেষ হচ্ছিল। হঠাৎই তর্কাতর্কি থেকে মারামারি শুরু হয়ে যায়। আওয়ামী লীগ নেতারা চেষ্টা চালিয়ে থামাতে না পেরে পুলিশে খবর দেন।”
ওই বৈঠকে ছিলেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহসভাপতি আকতার হোসেন, নজমুল ইসলাম ও শামসুদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি প্রমুখ।
যুবলীগের ভেঙে দেয়া কমিটির সভাপতি মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক ফরিদ আলমও সেখানে ছিলেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি অগণতান্ত্রিকভাবে কমিটি বাতিল করেছে।
