খসরুকে চ্যালেঞ্জ মোশাররফের
চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ থাকতে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।
শনিবার বিকালে বন্দরনগরীর মুসলিম ইনস্টিটিউট হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি বলেন, “একবার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। আবার আমীর খসরু বলছেন, চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেবেন।”
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশ্যে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “আগে নিজ দলের কোন্দল মেটান। যেখানে আমি আছি, মহিউদ্দিন চৌধুরী ও মোছলেম উদ্দিন আছে সেখানে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারবেন না।”
গত শুক্রবার নগরীর কাজীর দেউড়িতে এক সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা না হলে ঈদের পর চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দেন আমীর খসরু।
মোশাররফ বলেন, “বেগম খালেদা জিয়া ধরা পড়ে গেছেন। মিথ্যা অপপ্রচার চালিয়ে তারা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়েছেন। বিদেশে কোথায় লোক মারা গেছে সে ছবি দেখিয়ে বলেছেন, হেফাজতীরা মারা গেছে। দেশের কোনো গণমাধ্যম এ ছবি দেখাতে পারেনি।”
দক্ষিণ জেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি প্রত্যেক আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর জন্য সংঘবদ্ধ থাকেন তাহলে গতবারের চেয়ে বেশি আসন পাব।”
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে এসে উত্থাপনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামের বর্তমান কমিটি সরল প্রাণ, আন্তরিক। তারা একযোগে কাজ করে যাবে। এই ঐক্য রাখতে পারলে আগামীতে আরও বেশি আসনে বিজয় আসবে।
সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ইচ্ছা পুনর্ব্যক্ত করে মহিউদ্দিন বলেন, “নেত্রীকে বলতে চাই- আমাকে অনেকে নির্বাচন করতে বলেছেন। নগরীতে চারটি আসন আছে। আমি একটিতে দাঁড়ালে অন্য একজন বঞ্চিত হবে।”
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংসদ শামসুল হক চৌধুরী, সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব ও হাসিনা মান্নান প্রমুখ বক্তব্য দেন।
