দুরভিসন্ধি থেকে ইউনূসকে হেনস্তা: এরশাদ
‘দুরভিসন্ধি’ থেকে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে সরকার ‘হেনস্তা’ করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির সভাপতি এইচ এম এরশাদ।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের সিদ্ধান্তের একদিন বাদে মঙ্গলবার এরশাদ এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকার দুরভিসন্ধিমূলকভাবে নোবেলবিজয়ী ড. ইউনুসকে হেনস্থা ও অপদস্থ করার জন্য মামলাসহ তাকে বিশ্ব দরবারে হেয়-প্রতিপন্ন করার বিভিন্ন পদক্ষেপ নিতে উদ্যত হচ্ছেন।”
১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময়কার সামরিক আইন প্রশাসক এরশাদ বলেন, “আমি ও আমার সরকার মনে করেছিলাম, দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে গ্রামীণ ব্যাংক যুগান্তকারী ভূমিকা রাখবে।
“সেই লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের প্রসার ও বিকাশের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হয়েছিল। ইউনূসের নোবেল প্রাপ্তির মাধ্যমে আমার সরকারের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্তই বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে।”
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময়কালে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা আবুল মাল আবদুল মুহিত বর্তমান সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন।
মুহিত গ্রামীণ ব্যাংক নিয়ে ইউনূসের কড়া সমালোচনা করে এলেও এরশাদ বলেন, “ইউনূস নিজেকেই নয়, দেশকেও বিশ্ব দরবারে সম্মানিত করেছেন। গোটা বিশ্ব তাকে সম্মানের চোখে দেখে। অথচ নিজ দেশের সরকার তাকে হেনস্থা করা, অসম্মান করা এবং অপমানিত করার জন্য উঠে পড়ে লেগেছে।
“ইউনূসের বিরুদ্ধে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এতে বিশ্বের কাছে গোটা জাতির মাথা হেঁট হচ্ছে।”
ইউনূসের প্রতি ‘হিংসামূলক’ আচরণ বন্ধ করে তাকে ‘যথাযথ’ সম্মান দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।
