মুফতি ওয়াক্কাস গ্রেপ্তার
হেফাজতে ইসলাম নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে মতিঝিল ও পল্টন থানায় ৫ মে’র করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সহকারী কমিশনার (মিডিয়া) সাত্যকি ঝুলন কবিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাপলা চত্বরে ৫ মে’র হেফাজতে ইসলামের জনসভাকে কেন্দ্র করে হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর, বিশৃঙ্খলার ঘটনায় মতিঝিল এবং পল্টন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মুফতি ওয়াক্কাসকে মঙ্গলবার আদালতে পাঠিয়ে রিমান্ডে চাওয়া হবে বলে জানান তিনি।
মুফতি ওয়াক্কাস বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের নেতা। তার দল জমিয়তে ওলামা ইসলাম।
মুফতি ওয়াক্কাস এইচ এম এরশাদের সরকারে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সংসদ সদস্যও ছিলেন।
ওয়াক্কাসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী।
তাদের এক বিবৃতিতে বলা হয়, “আমরা বাড়াবাড়ি না করার জন্য সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছি। হামলা-মামলা ও গ্রেপ্তার-হয়রানি করে ঈমানি আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র কখনো সফল হবে না।”
