২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 07:34 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় জেলা বিএনপির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফখরুলের দাবি, আওয়ামী লীগ জণগনের কাছে করা ওয়াদার একটিও পূরণ করতে পারেনি, তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে।

কিন্তু দুর্বার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বর্তমান সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করে দেন দিনি।

“যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। তবে তা হতে হবে নিরপেক্ষভাবে। প্রহসনের মাধ্যমে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে,” বলেন তিনি।

বিএনপি জঙ্গিবাদে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, উদীচীর অনুষ্ঠান, রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে জঙ্গিদের হামলা আওয়ামী লীগের আমলেই ঘটেছে।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোকো ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারেক রহমানকেও এই আন্দোলনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে।

জেলা বিএনপি সভাপতি মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।

সভায় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।