প্রার্থিতা বাতিলের ক্ষমতা ছাড়বে না ইসি
বিভিন্ন মহলের সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রার্থিতা বাতিলের ক্ষমতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ ই ধারাটি বাতিলে আইনমন্ত্রণালয়ে আর সুপারিশ পাঠানো হচ্ছে না।
তিনি বলেন, “আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। তবে জনমতকে শ্রদ্ধা দেখিয়ে এখন আমাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।”
‘অপ্রয়োগযোগ্য ও অর্থহীন’ দাবি করে গত মাসে প্রার্থিতা বাতিলের ওই ক্ষমতা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এজন্য সরকারের কাছে সম্পূরক সংশোধনী প্রস্তাব পাঠানোরও প্রস্তুতি নেয়া হয়।
এ নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে ব্যাপক সমলোচনার প্রেক্ষাপটে দুই দফা নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যাও দেয় নির্বাচন কমিশন।
প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর এক মাস পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার কমিশন সভায় ৯১ ই ধারা বহাল রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
কমিশনের এক বিবৃতিতে বলা হয়, “গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) এর ৯১ (ই) বিধানে অভ্যন্তরীণ স্ববিরোধিতা এবং ১৯ বিধানের সাথে পরস্পরবিরোধিতার কারণে ৯১ (ই) ধারাটি আংশিক সংশোধনের জন্য নির্বাচন কমিশন প্রস্তাব করেছিল। কিছু সংখ্যক রাজনৈতিক দল ও গণমাধ্যম উক্ত প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলে ৯১ (ই) বাদ দেয়ার জন্য কমিশন একটি প্রস্তাব তৈরি করে। তা আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগেই গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া পর্যালোচনায় দেখা যায় যে প্রতিক্রিয়া দারুণভাবে প্রতিকূল।
“কমিশন সে প্রতিক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে ৯১ (ই) এর কোনো সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠাবে না।”
৯১ (ই) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী বা এজেন্ট বা তার পক্ষে অন্য কেউ এমন কোনো অন্যায় করলে (যার ফলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন) কমিশন তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করতে পারে।
এই ক্ষমতা ছেড়ে দেয়ার পক্ষে যুক্তি দিয়ে গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ধারাটি ‘অর্থহীন ও অপ্রয়োগযোগ্য’।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সে সময় যুক্তি দেন, ৯১ (এ) এর ৬ গ উপধারায়ও ইসিকে প্রার্থিতা বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে। সুতরাং ৯১ (ই) ধারাটি বিলোপে সমস্যা নেই।
তবে ইসির এমন বক্তব্যের সমালোচনা করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (ই) ধারা বিলোপ নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করবে।
নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো ওই ধারাটির অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা করে আওয়ামী লীগ ও বিএনপি। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ এ নিয়ে কোনো কথা না বললেও বিরোধী দল বিএনপি বলে, ধারাটি থাকা প্রয়োজন। তা না হলে নির্বাচনে অপরাধ আরো বেড়ে যাবে, যা কমিশন সামলাতে পারবে না।
