৯১ (ই) ধারা নিয়ে ইসির ব্যাখ্যায় সন্তুষ্ট নন শামসুল হুদা
প্রার্থিতা বাতিলে নিজেদের ক্ষমতা ছাড়তে ইসির ব্যাখ্যায় সন্তুষ্ট নন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
তার মতে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (ই) ধারা বিলোপ নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করবে।
‘অপ্রয়োগযোগ্য’ উল্লেখ করে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ (ই) ধারা বিলোপের সুপারিশ জানানোর সিদ্ধান্তের পর তার ব্যাখ্যায় ইসি বলেছে, ৯১ (ই) ধারাটি বিলোপ হলেও ৯১ (এ) ধারায় প্রার্থিতা বাতিলের ক্ষমতা সংরক্ষিত রয়েছে।
ধারাটি বিলোপে সরকারকে সুপারিশ জানানোর সিদ্ধান্ত নেয়ার পর ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে সোমবার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেয় ইসি।
তবে ইসির নতুন ব্যাখ্যা ‘সঠিক নয়’ বলে মনে করেন সাবেক সিইসি শামসুল হুদা, যার সময়ে এই ধারাটি যুক্ত হয় গণপ্রতিনিধিত্ব আদেশে।
তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ধারাটি সংযোজন করেছিলাম, এখন ওনারা রাখা না রাখার কর্তা। কিন্তু ৯১ (ই) এর কাজ ৯১ (এ) দিয়ে হবে না।
৯১ (ই) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী বা এজেন্ট বা তার পক্ষে অন্য কেউ এমন কোনো অন্যায় করলে (যার ফলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন) কমিশন তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করতে পারবে।
৯১ (এ) ধারা অনুযায়ী, এর অধীনে আদেশ বা নির্দেশ প্রতিপালন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলকে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে অনূর্ধ্ব ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থিতা বাতিল করতে পারবে।
গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রার্থিতা বাতিলের ক্ষমতাকে ‘অর্থহীন ও অপ্রয়োগযোগ্য’ উল্লেখ করে ৯১ (ই) ধারাটি না রাখার সিদ্ধান্তের কথা জানান।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “৯১ (এ) এর ৬ গ উপধারায় প্রার্থিতা বাতিলের ক্ষমতা আমাদের থাকায় ৯১ (ই) ধারাটির একই ক্ষমতা বিলোপের সুপারিশ করছি।”
সোমবার রাতে নির্বাচন কমিশনের পক্ষে ইসি সচিব মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “৯১ (ই) বাতিল হলেও কমিশনের প্রার্থিতা বাতিল করার ক্ষমতা ৯১ (এ) অনুচ্ছেদ মোতাবেক সংরক্ষিত ছিল এবং থাকবে।”
মঙ্গলবার জাতিসংঘ এবং দাতাদের সঙ্গে ইসির মতবিনিময় সভায়ও ৯১ (ই) ধারা বিলোপের বিষয়ে সিইসির বক্তব্য জানতে চাওয়া হয়। তখন লিখিত ব্যাখ্যার অনুলিপি দেয়া হয় তাদের।
শামসুল হুদা বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির গঠনের মাধ্যমে ৯১ (এ) ধারার কার্যক্রম নেয়া হয়। কিন্তু ৯১ (ই) ধারা বলে ইসি আইন-বিধি লঙ্ঘনের অপরাধের তদন্ত করেই প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখে।
তার সঙ্গে একমত পোষণ করেন সাবেক একজন রিটার্নিং কর্মকর্তাও।
অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, তফসিল ঘোষণার পরই নির্বাচনী তদন্ত কমিটি (ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি) গঠন ও কাজ শুরু হয়। কিন্তু মেয়াদ অবসান বা কোনো নির্বাচনী আসন শূন্য ঘোষণার পর থেকেই আচরণবিধি কার্যকর হয়।
দুটি ধারা প্রয়োগের পার্থক্যের বিষয়ে ওই কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর ৯১ (এ) ধারা অনুযায়ী তদন্ত কমিটির সুপারিশ ইসিকে পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট দোষী ব্যক্তি ওই নির্দেশ অমান্য করলেই জরিমানা বা প্রার্থিতা বাতিলের কথা আসছে।
প্রয়োগ ভিন্ন না হলে সংসদ আরপিও’র ৯১ অনুচ্ছেদের উপধারা দুটি বহাল রাখত না বলেও মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এই রিটার্নিং কর্মকর্তা।
১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় নির্বাচনে ৯১ (ই) ধারা ছিল না। ২০০৮ সালে অনুচ্ছেদটি সন্নিবেশ করা হলেও প্রয়োগের কোনো নজির নেই।
