২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় উপ নির্বাচন ৩ অক্টোবর

সড়ক দুর্ঘটনায় সাংসদ গোলাম সবুর টুলুর মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ নির্বাচন হবে আগামী ৩ অক্টোবর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ রোববার কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বরগুনা-২ আসনের এই উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ৭ সেপ্টেম্বর যাচাই বাছাইয়ের পর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাচন কমিশনের বরিশাল বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক।

গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বরগুনার আওয়ামী লীগ নেতা গোলাম সবুর টুলু। তার মৃত্যুর ফলে আসনটি শূন্য হয়। ওই আসনে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

পাথরঘাটা, বেতাগী ও বামনা- এ তিন উপজেলা নিয়ে বরগুনা-২ সংসদীয় আসন। এই আসনের ২ লাখ ৩১ হাজার ৩ জন ভোটারের মধ্যে পরুষ ১ লাখ ১২ হাজার ৭৫৭ এবং নারী ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন।

দশম সংসদ নির্বাচনের আগে এটিই হবে শেষ উপ নির্বাচন। অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মোহাম্মদ সাদিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবিধান অনুযায়ী, এ বছরের ২৬ অক্টোবর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন হওয়ার কথা।