২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট কেটে যথাসময়ে নির্বাচন হবে: মুহিত

বিরাজমান রাজনৈতিক সঙ্কট কাটিয়ে উঠে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 07:41 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

বুধবার সিলেট তিনি বলেন, “আগামী নির্বাচন নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক সঙ্কটের সমাধান হবে এবং যথাসময়ে নির্বাচনও হবে।”

নগরীর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী  একথা বলেন।

এ সময় মুহিত যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে বলেন, দেশে এখন নতুন সন্ত্রাস শুরু হয়েছে। এর নাম ‘শিবির সন্ত্রাস’। জনগণকে সঙ্গে নিয়ে এ সন্ত্রাসের অবসান ঘটাবে সরকার।

এজন্য জনগণের সঙ্গে আত্মিক সর্ম্পক গড়ার প্রত্যয় ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, “কখন গ্রেনেড-বোমা হামলা হবে এ আতঙ্কে দেশে একসময় সভা-সমাবেশ করা যেত না। কিন্তু এই সরকার সেই অবস্থার অবসান করেছে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আসাদ উদ্দিন, সদর সিলেট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী প্রমুখ।