শরিকদের সঙ্গে বসছেন খালেদা
স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর আন্দোলনের কর্মসূচি ঠিক করতে জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মারুফ কামাল বলেন, “বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।”
এর আগে শনিবার রাতে নিজের দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। তবে বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, জোটের শরিকদের সঙ্গে বৈঠকের পর দুটি বৈঠক নিয়ে বিস্তারিতভাবে সাংবাদিকদের জানানো হবে।
তবে দলের একজন জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে বলেন, শনিবারের বৈঠকে আন্দোলনের কর্মকৌশল ও সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি দলের নীতিনির্ধারকদের কাছ থেকে মতামতও নেন চেয়ারপার্সন।
প্রায় সোয়া দুই ঘণ্টার ওই আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের অবস্থান, নির্দলীয় সরকার দাবিতে চলমান আন্দোলন, সম্ভাব্য কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বৈঠকে আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। কী কী কর্মসূচি দেয়া যায়, তা নিয়েও আমরা মতামত দিয়েছি। কাল জোটের বৈঠক হবে। এরপর কর্মসূচির বিষয়ে জানানো হবে।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিরোধী দল। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ অনির্বাচিত কারো কাছে ক্ষমতা হস্তান্তরে নারাজ।
বিএনপির দাবি, সংবিধান সংশোধন করে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।
