আদিলের মুক্তি দাবি জামায়াতের
মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলামী।
রোববার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, “সরকারের জুলুম-নির্যাতন সব সীমা ছাড়িয়ে গেছে। সরকার এখন অরাজনৈতিক মানবাধিকার সংগঠনের ওপরও অত্যাচার-নির্যাতন শুরু করেছে।”
হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচার করায় তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় আদিলকে। রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
চারদলীয় জোট সরকার আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিল জামায়াতঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
আদিলের মুক্তি দাবি করে রফিকুল বলেন, “অন্যায়ভাবে তাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি এবং তাকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
গত ৫ ম ‘র মতিঝিল অভিযানে ৬১ জন নিহত হয় বলে অধিকারের এক প্রতিবেদনে বলা হয়। সরকারের দাবি, ওই রাতের অভিযানে কেউ নিহত হননি।
ডানঘেঁষা মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনের উল্লেখিত নিহতের সংখ্যার ব্যাখ্যাও দাবি করে সরকার।
মজলিসের আমির মোহাম্মদ ইসহাক ও মহাসচিব আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেন, “সরকার মানবাধিকারকে গলা টিপে হত্যা করতে চায়। তাই মানবাধিকারের কণ্ঠস্বর অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করে নির্যাতনের উদ্দেশ্যে রিমান্ডে নিয়েছে।”
আদিলকে মুক্তি না দিলে আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেন খেলাফত মজলিসের নেতারা।
বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) নামে একটি দলও অধিকার সম্পাদককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে।
