২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুপক্ষের ইফতারে পাবনায় ১৪৪ ধারা

পাবনার সাঁথিয়া উপজেলায় বিএনপির দুইপক্ষ একই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বুধবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজ মাঠ ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আতাইকুলা থানার ওসি রেজাউল করিম জানান, আতাইকুলা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোফাজ্জল হোসেন মন্টু আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেন।

একই স্থানে আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আলমাস সর্দারের সমর্থকরাও ইফতার ও আলোচনা সভার আয়োজন করে।

বিবদমান দু’পক্ষ একই স্থানে ইফতার মাহফিল আয়োজন করায় সংঘর্ষের আশংকায় সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এ নিষেধাজ্ঞা জারি করেন।

ওই স্থাানের ২০০ গজের মধ্যে কেউ অবস্থান করতে পারবে না জানিয়ে মাইকে প্রচার করা হয় বলেও জানান ওসি।