গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র হরণে সরকার: ফখরুল
সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে দমনের অভিযোগ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ‘গলা টিপে হত্যা’ করছে।
রাজধানীর হোটেল সুন্দরবনের সোমবার এক ইফতার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব একথা বলেন।
ফখরুল বলেন, গত সাড়ে চার বছরে মহাজোট সরকার জনগণের মৌলিক অধিকার, সংগঠন করার অধিকার, গণমাধ্যমের অধিকারকে খর্ব করেছে।
“হাজার হাজার রাজনৈতিক কর্মী এখন কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে। জোর করে নিখোঁজ করে দেয়া হয়েছে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শতাধিক নেতা-কর্মীকে।”
“একদিকে সরকার বিরোধী নেতা-কর্মীদের ওপর গুম-হত্যা-নির্যাতন চালাচ্ছে। অন্যদিকে তাদের মন্ত্রীরা বলছেন, এখন না কি গণতন্ত্রের উৎকৃষ্ট সময় যাচ্ছে।”
জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই ইফতার অনুষ্ঠানে ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা হয়।
নির্দলীয় সরকারের দাবিতে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের দাবির পক্ষে। দেশনেত্রীর নেতৃত্বে এই আন্দোলন সবাইকে এগিয়ে নিতে হবে।”
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদেক হোসেন খোকা, শওকত মাহমুদ, মিজানুর রহমান সিনহা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন ডোনার, কণ্ঠশিল্পী মেসবা রহমান, জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি সুঞ্জিত কুমার দেব জনি, সাধারণ সম্পাদক জহির দীপ্তি, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল প্রমুখ।
