২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে এরশাদের সংশয়

নির্বাচন কমিশন আস্থা অর্জন করতে পারলে জাতীয় পার্টির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই জানিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 10:40 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম নগর জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি না। তবে নির্বাচন কমিশন যদি স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।”

আগামী নির্বাচন নিয়ে ‘সংশয়’ প্রকাশ করে সাবেক স্বৈরশাসক এরশাদ বলেন, “দেশ কোন পথে যাচ্ছে আমরা জানি না। গণতন্ত্র আজ হুমকির মুখে। নির্বাচন হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।”

নির্বাচনে ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা করবে জানিয়ে তিনি বলেন, “সরকার সংবিধানের ৯১ ধারা বাতিল করেছে। এতে করে বর্তমান সরকারের এমপি, মন্ত্রীরা নির্বাচনে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এতে করে নির্বাচনের প্রতি আরও সংশয় বেড়ে গেছে।”

জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় দাবি করে এরশাদ বলেন, “আমরা কোন পাতানো নির্বাচনে যাব না। নির্বাচন কমিশন যদি ঠিক মত কাজ করে আস্থা অর্জন করতে পারে তাহলে আমরা নির্বাচনে অংশ নেব।”

নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন বাবলু প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহীম, চট্টগ্রাম নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন প্রমুখ।