২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নেমেই কর্মীদের বাধার মুখে এরশাদ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষুব্ধ কর্মীদের বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 06:37 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শনিবার বিকাল পৌনে ৫টার দিকে বিমানবন্দরের বাইরে প্রায় ১০ মিনিটের মতো এরশাদের গাড়িবহর আটকে রাখে জাতীয় পার্টির একদল কর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগর জাতীয় পার্টির (জাপা) ইফতারে যোগ দিতে বিমানবন্দর থেকে বের হয়ে এরশাদ নগর জাপার আহ্বায়ক সোলায়মান আলম শেঠের গাড়িতে উঠেন। এসময় পটিয়ার নেতা শামসুল আলম মাস্টার গাড়িতে উঠতে চেয়েও পারেননি।

পতেঙ্গা থানার ওসি কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামসুল আলমকে উঠতে না দেয়ায় তার সমর্থকরা এরশাদকে বহনকারী গাড়িটি আটকে দেয় এবং বিক্ষোভ করতে থাকে।

পরে পুলিশের হস্তক্ষেপে মহাজোট নেতা বিমানবন্দর এলাকা ত্যাগ করেন বলে ওসি জানান।

নগরীর চট্টগ্রাম ক্লাবে নগর জাপা আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন এরশাদ।