২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের নাটক হলো, দুটি প্রাণ গেল: সুরঞ্জিত

যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কি হত্যার ঘটনায় গ্রেপ্তার এইচ এম জাহিদ সিদ্দিক তারেক র‌্যাবের কথিত ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার ঘটনাকে ‘নাটক’ আখ্যায়িত করে বিচারবহিভূর্ত হত্যার সমালোচনা করেছেন ক্ষমতাসীন দলের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনের আগে এসব ঘটনা নির্বাচনবিরোধী শক্তিকে সমর্থন যোগাবে, আওয়ামী লীগবিরোধীরা সুযোগ পাবে। আমি এ ঘটনার নিন্দা জানাই।”

সোমবার মধ্যরাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ডের সামনে  ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক মিল্কিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পাঞ্জাবি পরিহিত এক যুবক।

এর কয়েক ঘণ্টা পর ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ সিদ্দিক তারেককে গুলিবিদ্ধ অবস্থায় উত্তরার একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। শপার্স ওয়ার্ল্ডের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখিয়ে র‌্যাবের পক্ষ থেকে বলা হয় তারেকই মিল্কির খুনি।

এরপর বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের কাছে ‘ক্রসফায়ারে’ তারেকের নিহত হওয়ার খবর দেয় র‌্যাব। বলা হয়, উত্তরার হাসপাতাল থেকে তারেককে গুলশান থানায় আনার পথে তার সহযোগীরা র‌্যাবের ওপর ‘হামলা’ চালায়। এ সময় গোলাগুলিতে তারেক ও তার এক সহযোগী নিহত এবং দুই র‌্যাব সদস্য আহত হন।

বৃহস্পতিবার সকালে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায়  মিল্কি হত্যা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “ওই হত্যাকাণ্ড একটি রোমহর্ষক ঘটনা, মানবিক বিকারের ঘটনা। অশ্লীলতা।”

এ থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে মন্তব্য করে দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, “গতকাল আবার র‌্যাবের কাছে দুইজনকে নিয়ে নাটক হলো। দুটি প্রাণ গেল।”

Image
জাহিদ সিদ্দিকী তারেক ও রিয়াজুল হক মিল্কি

জাহিদ সিদ্দিকী তারেক ও রিয়াজুল হক মিল্কি

ব্যক্তিগতভাবে বিচাবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করেন না বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারা সংশোধন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “ওই ধারাটি সংশোধনের কথা যখন উঠলো তখন গণমাধ্যমে বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালানো হচ্ছে। এই ধারাটি থাকা না থাকার সাথে আওয়ামী লীগের কিছু যায় আসে না।”

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারায় নির্বাচনী বিধি লংঘনের দায়ে প্রার্থিতা বাতিলের ক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনের হাতে যা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সাবেক নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহল থেকে কমিশনের ওই সিদ্ধান্তের সমোলোচনা এসেছে। বিরোধী দল বিএনপিও বলেছে, আলোচনা না করে আরপিও সংশোধন করা হলে তারা আন্দোলনে যাবে। 

সুরঞ্জিত বলেন, “তবে নির্বাচন কমিশনকে বলব, এখন আস্থা দেখানোর সময়, দৃঢ়তা দেখানোর সময়।

স্পর্শকাতর সময়ে ওই ধারা সংশোধনের ব্যাপারে সব দলের সঙ্গে খোলাখুলি আলোচনা না করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই।”

নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য ‘সব ধরনের’ স্বাধীনতা দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, “বিএনপির এই নেতা নির্বাচন কমিশনকে অথর্ব, অপদার্থ বলেছেন। কেন বললেন? কারণ ৯১ এর ই ধারা সংশোধন করার কথা উঠেছে। ওই ধারাতো আগে ছিল না। তাহলে কেন এই কথা বলছেন।

“নির্বাচন কমিশন যখন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করছে, তখনই তাকে অপদার্থ বলা হচ্ছে।”

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসা প্রসঙ্গেও অনুষ্ঠানে কথা বলেন এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, “গতকাল সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে অভিষিক্ত হয়েছেন। মানুষ এটার জন্যে অপেক্ষা করছিল। নতুনের বাংলাদেশে আমাদের পুরাতনদের অবস্থান ছেড়ে দিতে হবে।”

দপ্তরহিবীন এই মন্ত্রী বলেন, “বাংলার অগণিত মানুষ তাকে (জয়) মুজিব কোটে দেখেছে। এখন সময় এসেছে সমস্ত পশ্চাদপদতার বিরুদ্ধে সংগ্রামের। তার এই যাত্রা শুভ হোক।”

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পুরনো খবর:

মিল্কির ‘খুনি’ তারেক ‘ক্রসফায়ারে’ নিহত
মিল্কি হত্যার তদন্তভার র‌্যাবে