‘মোরগ-পোলাওর টাকা কি পদ্মা সেতুর’
ছেলের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোরগ-পোলাও রান্না নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
শনিবার একমাত্র ছেলের জন্মদিনে প্রধানমন্ত্রীর মোরগ-পোলাও রান্নার ছবি সজীব ওয়াজেদ জয় তার ফেইসবুক পাতায় তুললে তা নিয়ে সংবাদ প্রকাশ হয়।
জয় বলেন, তার মায়ের রান্না মোরগ-পোলাও তার সবচেয়ে প্রিয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার জাতীয় প্রেসক্লাবে এক সভায় এই বিষয়টি ধরে বলেন, “আজকের পত্রিকায় ছবি দেখলাম- প্রধানমন্ত্রী তার পুত্র জয়ের জন্মদিনে মোরগ-পোলাও রাঁধছেন। আমি জানতে চাই, মোরগ-পোলাওর টাকা কি পদ্মা সেতুর।”
প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয়ের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর তা নিয়ে দীর্ঘদিন ধরে দেশে আলোচনা চলছে।
বিরোধী দলের অভিযোগ, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এই ‘দুর্নীতিতে’ জড়িত। অন্যদিকে প্রধানমন্ত্রী এই অভিযোগ নাকচ করে বলছেন, এই প্রকল্পে কোনো দুর্নীতিই হয়নি।
খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে নিয়ে জয়ের এক বক্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে সভা হয়, যাতে জয়ের জন্মদিনের রান্নার বিষয়টি তোলেন ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস।
জয় গত সপ্তাহে যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিষয় ধরে বলেছিলেন, “আমার মাকে হত্যার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন।”
২০০৪ সালের ২১ অগাস্টের হামলার ওই মামলায় সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে আসামি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ছেলের ওই বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার’ বলে দাবি করেছে বিএনপি।
