২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দশক পর চট্টগ্রামে ছাত্রদলের নতুন কমিটি

প্রায় দশ বছর পর গাজী সিরাজ উল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে নতুন কমিটির ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে মাঈন উদ্দিন শহিদকে। অন্য তিন সহসভাপতি হলেন ফজলুল হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া।

এছাড়া এইচ এম রাশেদ খানকে সাংগঠনিক সম্পাদক এবং মোশাররফ হোসেনকে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক করা হয়েছে। যুগ্ম সম্পাদক করা হয়েছে তিনজনকে। তারা হলেন- জালাল উদ্দিন সোহেল, আলী মর্তুজা খান ও জমির উদ্দিন নাহিদ। 

এর আগে ২০০৩ সালের ১৭ ডিসেম্বর মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও আহমেদুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়।

এরপর ২০১০ সালের ২০ জুলাই নগরীর থিয়েটার ইন্সটিটিউটে নগর ছাত্রদলের সর্বশেষ সম্মেলন হয়।

ওই সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সাবেক কমিটির ৮১ সদস্য ও ১৫টি থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক গোপন ব্যালটে ভোট দেন।  এর তিন বছর পর নতুন কমিটি ঘোষণা করা হল।

বিদায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার অনুমতি নিয়ে কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

তবে ২০১০ সালের সম্মেলনের মতামতের ফল তাদের জানা নেই।

নতুন কমিটির সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, ১৫টি থানা কমিটি, ৪১টি ওয়ার্ড কমিটি ও ৩৬টি কলেজ কমিটি গঠনের পর আগামী তিন মাসের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবেন তিনি।