২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি ক্ষমতায় গেলে জেলায় জেলায় হাওয়া ভবন হবে’

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে জেলায় জেলায় ‘হাওয়া ভবন’ তৈরি হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 01:21 AM

Updated : 23 Aug 2022, 11:13 AM

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার দেবে বলে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, “সম্প্রতি পাকিস্তানি জেনারেলের একটি চিঠি প্রকাশিত হয়েছে। যেখানে উল্লেখ আছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের গুপ্তচর ছিলেন।

এবং খালেদা জিয়া পাকিস্তানি সেনাবাহিনীর আতিথিয়তায় ছিলেন বলে চিঠিতে উল্লেখ আছে।”

“এরা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে। দেশ জঙ্গিবাদে ভরে যাবে।”

সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “দেশে কোনো সঙ্কট নেই। তবে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টির পাঁয়তারা করছে।”

যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত বলেও বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করেন তিনি।  

তিনি বলেন, “আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। দেশে এক ঘণ্টার জন্যও কোনো অনির্বাচিত সরকার আসবে না।”

জনতার প্রত্যাশা ও বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ আয়োজিত এই সভায় কৃষক লীগের নেতা এমএ করিম, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দারও বক্তব্য রাখেন।