সংলাপ না হলে ঈদের পর আন্দোলন: ফখরুল
আগামী নির্বাচন নিয়ে সংলাপ না হলে ঈদের পর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বিরোধী দল বিএনপি।
সোমবার ভোরে লন্ডন রওনা হওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের বলেন, “আমরা এখনো আশা করছি, সরকার আগামী নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসবে। কথা বলবে। তা না হলে ঈদের পর নির্দলীয় সরকারের দাবিতে আমরা আন্দোলনে যাব।’’
বৃটিশ পালামেন্টের উদ্যোগে বুধবার বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল।
ক্ষমতাসীন আওয়ামী লীগকেও ওই সেমিনারের আমন্ত্রণ জানানো হয়েছে।
ফাইল ছবি
বিএনপির প্রতিনিধিদলে আরও আছেন দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির।
সকাল ৬টায় কাতার এয়ার লাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন ফখরুল। আগামী ১৯ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
লন্ডনের সেমিনারের বিষয়বস্তু জানতে চাইলে ফখরুল বলেন, “আগামী নির্বাচন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সুশাসন, নির্বাচন ও গণতন্ত্র ইত্যাদি বিষয় নিয়ে এই সেমিনারে আলোচনা হবে। আওয়ামী লীগকেও সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে।’’
এক প্রশ্নের জবাবে ফখরুল জানান, লন্ডন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো বৈঠক নেই। তবে ফোনে কুশল বিনিময় করবেন।
