নিন্দার মধ্যে শফীর পক্ষে সরব বিএনপি
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বিতর্কিত ওয়াজ নিয়ে উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদেও।
সরকারি দলের সংসদ সদস্যরা ওই ওয়াজকে ‘কদর্য ও অশ্লীল’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।
অন্যদিকে শফীর পক্ষে অবস্থান নিয়ে বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করেন, হেফাজত আমিরের ওয়াজ নিয়ে ‘মিডিয়া ক্যু’ হয়েছে।
১৪ দিন বিরতির পর রোববার অধিবেশনের শুরুতেই শফীর ওয়াজ নিয়ে পাল্টাপাল্টি আলোচনা ওঠে।
চট্টগ্রামের হাটহাজারীতে এক ইসলামী সম্মেলনে দেয়া ওই ওয়াজের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে এর তীব্র সমালোচনা ওঠেছে।
ওয়াজে আহমদ শফী নারীদের চতুর্থ শ্রেণির বেশি পড়াতে নিষেধ করেন, সমালোচনা করেন সহশিক্ষার। নারীদের চাকরি না করে বাড়িতে রাখার পরামর্শ দেন তিনি। নারীদের নিয়ে আরো যেসব কথা তিনি বলেছেন, তাও কুরূচিপূর্ণ বলে সমালোচনা উঠেছে।
“নারীর ক্ষমতায়নের ওপর এটি হস্তক্ষেপ বলে আমি মনে করি। নারীকে তিনি ঘৃণ্য ও পশু মনে করেন। তাহলে কি তার জন্ম হয়েছে একজন ঘৃণ্য ও পশুর পেট থেকে? তার স্ত্রী-কন্যাও কি ঘৃণ্য?”
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শফী ওই ওয়াজে নারীদের পোশাক-আশাক নিয়ন্ত্রণ এবং জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধেও কথা বলেন।
নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে নিয়ে আরো যেসব কথা তিনি বলেছেন, সেগুলোকে ‘অশ্লীল ও অমর্যাদাকর’ আখ্যায়িত করে তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে নারীদের কয়েকটি সংগঠন।
বেবী মওদুদ বলেন, “ঘরের বাইরে গেলে, বাজারে গেলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গেলে, চাকরি করতে গেলে কি এদেশের মেয়েরা জেনা করেন? গার্মেন্টসের শ্রমিকরা কষ্ট করে সংসারের জন্য অর্থ উপার্জন করেন; তারাও কি জেনা করেন? এই ঘৃণ্য-অবমাননাকর বক্তব্য তিনি কিভাবে উচ্চারণ করেন?”
“এইসব পাপী, বিকৃত রুচি সম্পন্ন অশ্লীল শব্দ উচ্চারণকারী, ধর্মের নামে যার ব্যবসা, তিনি তো হজ বা ওমরাহ করতে যান, সেখানে বিশ্বের সব দেশে নারী-পুরুষ একসাথে চলাফেরা করেন। তাহলে কি সেখানে নারী দেখে তার জিভে পানি আসে? তাহলে সেটাও পাপ। তাহলে আমরা সেই পাপের বিচার চাই।”
শফীর বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল দাবি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সরকারি দলের এই সদস্য।
হেফাজততে বিএনপির সমর্থনের সমালোচনা করে আওয়ামী লীগের ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, “তিনি (শফী) যাদের সঙ্গে জোট বেঁধেছেন, যে নেত্রীর ডাকে সাড়া দিয়ে ৫ মে শাপলা চত্বরে অবস্থান করেছেন, সেই নেত্রীকে দেখলেও কি আপনার জিভে জল আসে?”
তিনি বলেন, শফী নেতৃত্বাধীন হেফাজতকে সমর্থনের মাধ্যমে উস্কানি দেয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকেও ক্ষমা চাইতে হবে।
বাপ্পীর এই বক্তব্যে একযোগে প্রতিবাদ জানান বিরোধী দলের নারী সদস্যরা।
এ সময় সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া খালি গলায় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, “এখানে বিরোধীদলীয় নেত্রীর নাম কেন আসছে? মাইক বন্ধ করতে পারেন না?”
বাপ্পী আরো বলেন, “প্রধানমন্ত্রী ওই জঘন্য বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, অথচ বিরোধীদলীয় নেত্রী অত্যন্ত নিশ্চুপ। বিরোধী দলের নারী সংসদ সদস্যরা চিৎকার-চেঁচামেচি করছেন।
“ভেবে দেখুন আহমদ শফী ঘরে থাকতে বলছেন। আপনার দলের নেত্রী এবং আপনাদের অবস্থা কী হবে, কোথায় থাকবেন আপনারা?”
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া , ফাইল ছবি
স্পিকার বিরোধীদলীয় সাংসদদের পরে কথা বলতে দেয়ার আশ্বাস দিয়ে সরকারি দলের তারানা হালিমকে মাইক দেন।
তারানা বলেন, “বিরোধী দলের যে সংসদ সদস্যরা চিৎকার করছেন, তারা প্রচ্ছন্নভাবে নারীকে অবমাননা করে দেয়া বক্তব্যে সমর্থন দিচ্ছেন। একজন নারী হিসেবে আমি লজ্জিত হচ্ছি।”
এরপর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, “বেবী মওদুদ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন বিরোধী দলের সদস্যরা অট্টহাসিতে ফেটে পড়ছিলেন। আপনাদের এই অট্টহাসি কি প্রমাণ করে না যে হেফাজতের কুরুচিপূর্ণ বক্তব্যের সাথে একমত পোষণ করছেন, একাত্মতা ঘোষণা করছেন?”
চুমকির পর মওদুদ আহমদকে বক্তব্য দেয়ার আহ্বান স্পিকার জানালে তিনি বলেন, আগে পাপিয়া বলবেন।
পাপিয়া বলেন, “আল্লামা শফী সাহেবকে এই সরকারের আমলে বিভিন্ন পদ-পদবি, বরাদ্দ দেয়া হয়েছে। আজ হঠাৎ করে এই পার্লামেন্টে শফী সাহেবকে নিয়ে আলোচনার কারণ কী, জানতে চাই?
“আল্লামা শফী সাহেবের নামে যে বিবৃতিটি ছাপা হয়েছে, শফী সাহেব তার ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন, ‘আমি যে কথা যেভাবে বলেছি মিডিয়া ক্যুর মাধ্যমে সেই কথা সেভাবে প্রকাশিত হয়নি।”
হেফাজতের ১৩ দফার পক্ষেও অবস্থান জানিয়ে পাপিয়া বলেন, এর মধ্যে নারীর নিরাপত্তার কথা বলা হয়েছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই নিয়ে বক্তব্যে বলেন, “নারী সম্পর্কে শফী সাহেব যে কুরুচিপূর্ণ, অশালীন, বিবমিষামূলক বক্তব্য দিয়েছেন, তা আমরা নারী সমাজ প্রত্যাখ্যান করি। এতে ভাইদেরও পাশে চাই। আমরা মনে করি না, তার মতো আমাদের ভাইয়রা বিকারগ্রস্ত, মতলববাজ নয়। সবাই মিলে তাকে জানাই ধিক্কার, ধিক্কার, ছিঃ ছিঃ ছিঃ।”
মুক্তিযুদ্ধে পুরুষ-নারীর একসঙ্গে এগিয়ে চলার কথা তুলে ধরেন মতিয়া বলেন, “ওই সময়ে পাক হানাদারদের দোসর গোলাম আযম ‘গনিমতের মাল’ বলে নারীদের পাক হানাদারদের ভোগ করার জন্যে তুলে দিত, ‘জেনা করা যায়েজ’-এমন সব ফতোয়া দিত।”
‘শফী বিকৃত মানসিকতার’
আহমদ শফীকে একজন বিকৃত মানসিকতার লোক বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শফীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “সংবিধানের পরিপন্থী কেউ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, সরকারের তাই করা উচিত বলে আমি মনে করি।”
মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না - জানতে চাইলে তিনি বলেন, “এজন্য সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
চুমকি বলেন, আহমদ শফী তার বক্তব্যর মাধ্যমে শুধু নারী নয়, সমগ্র মানবজাতিকে অবমাননা করেছেন।
“‘আমাদের মাদ্রাসায় শিশুদের কী শিক্ষা দেয়া হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তাও স্পষ্ট হয়েছে।”
প্রতিমন্ত্রী বলেন, হেফাজত নারীদের গৃহবন্দি রাখতে চায়, তারা বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়।
নারীর ক্ষমতায়নে সারাবিশ্বে বর্তমানে বাংলাদেশ রোল মডেল দাবি করে দেশের নারী সমাজকে অবমাননাকর এই বক্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
