২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপসের কারণেই গাজীপুরে পরাজয়: ১০ দল

সরকারি দলের অব্যাহত গণবিচ্ছিন্নতা, সাম্প্রদায়িক শক্তি-মৌলবাদের সাথে আপস করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ফল বিপর্যয় হয়েছে বলে মনে করছে মহাজোটের শরিক ওয়ার্কাস পার্টিসহ ১০ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

বুধবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ১০ দলের এক সভায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনসহ চার সিটি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করা হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এতে সভাপতিত্ব করেন।

ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Image
পার্বত্যাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থা সৃষ্টির পথ খুঁজতে মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে রাশেদ খান মেনন।

পার্বত্যাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থা সৃষ্টির পথ খুঁজতে মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে রাশেদ খান মেনন।

সভায় শরিক দলের নেতারা বলেন, এ বিষয়ে দলগুলোর পক্ষ থেকে সরকার ও আওয়ামী লীগকে বারবার সতর্ক করা হলেও তারা কানে নেয়নি, বরং উপেক্ষা ও অবজ্ঞা করেছেন।

বিএনপি-জামাত জোটের ঐক্যবদ্ধতা, নিচ থেকে ওপর পর্যন্ত সুদৃঢ় সমন্বয়, ধর্মভিত্তিক অপপ্রচার, বিপুল পরিমাণ অর্থ ব্যয়ও এ ধরনের ফলাফলের কারণ বলে তারা মনে করেন।

মহাজোটের শরিক দলের নেতারা মনে করছেন, যুদ্ধাপরাধের বিচার, জামাত-শিবিরকে নিষিদ্ধ করা ও নির্বাচনকালীন সরকার সম্পর্কে কার্যকর সমঝোতা পৌঁছানো গেলে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।

অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ঐক্যবদ্ধ ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খিসা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সাম্যবাদী দল, গণআজাদী লীগ, ঐক্যবদ্ধ ন্যাপ, বাসদ (বিএসডি), কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও ন্যাপ নেতারা অংশ নেন।