২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল শোধরানোর সুযোগ পাওয়ার আশা নাসিমের

আওয়ামী লীগ কোনো ‘ভুল করে থাকলে’ জনগণ তা শোধরানোর সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

পরপর পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পর দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা হতাশও নই, শঙ্কিতও নই। আমাদের ভুল আছে ত্রুটি আছে- কেউ আমরা অস্বীকার করতে পারি না।

“এ ভুলের কারণে যদি কেউ আমাদের ভুল বুঝে থাকে, তাহলে অনুরোধ করব, এ ভুল সংশোধনের সুযোগ করে দেন।”

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এ কথা বলেন।

Image
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, পাঁচ সিটি নির্বাচনে দলের পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে। আর দল ‘সাময়িক’ বিপর্যয়ের মুখে পড়লেও ‘চূড়ান্ত লড়াইয়ে’ বিজয় হবে।

এই পাঁচ সিটিতে বিজয়ের পর বিএনপি নেতারা বলছেন, আগামী জাতীয় নির্বাচনেও যে জনগণ আওয়ামী লীগকে ‘প্রত্যাখ্যান’ করবে, সিটি নির্বাচনে তারই সংকেত পাওয়া গেছে।

নাসিম বলেন, “আওয়ামী লীগের সেই আত্মবিশ্বাস আছে। ভুল সংশোধন করে জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ইনশাল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনবই। যে কোনো বিপর্যয়ের সময় ঐক্যবদ্ধভাবে লড়াই করতে জানে আওয়ামী লীগ।”

বিএনপিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে সরে আসার আহ্বান জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “সিটি নির্বাচনগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী। জাতীয় নির্বাচনও আন্তবর্তী সরকারের অধীনে হওয়া সম্ভব।”

অনেক ‘অপপ্রচার, প্রোপাগান্ডা ও মিথ্যাচারের মধ্যেও’ গাজীপুরের নির্বাচন ‘সুষ্ঠুভাবে’ সম্পন্ন করতে পারায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।