২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি মহিতুলের

কিশোরগঞ্জ-৪ আসন উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে ৩০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক চিঠিতে তিনি এ আবেদন জানান।

সৈয়দ মহিতুল ইসলাম অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোট শুরুর পর পরই ওই ৩০টি কেন্দ্র দখল করে নেন রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিকের সমর্থকরা। ফলে এসব কেন্দ্রে প্রকৃতপক্ষে কোন নির্বাচনই হয়নি।

নির্বাচন কমিশনে তিনি অভিযোগ করেন, ইটনা উপজেলার ২২টি এবং অষ্টগ্রাম উপজেলার ৮টি কেন্দ্র দখল করে ব্যাপক জাল ভোট দেয়া হয়। এ অনিয়মের কথা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনী কর্মকর্তাদের জানিয়েও কোন লাভ হয়নি।

গত  বুধবার কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান বিজয়ী হন।

সোমবার তিনি সাংসদ হিসাবে শপথ নেন।

সাবেক স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি  নির্বাচিত হবার পর এ আসনে পুনর্নির্বাচন হয়।