২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি বিল বাতিলের দাবি বিএনপি নেতার

সংসদে তোলা পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বিল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেছেন, এ আইনের মাধ্যমে সরকার পাহাড়ি-বাঙালিদের সংঘাতের দিকে ঠেলে দেয়ার ‘ষড়যন্ত্র’ করছে।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “এ আইন পাস করা হলে পার্বত্য অঞ্চলে যে কোনো ধরণের অশান্তির দায় সরকারকেই নিতে হবে।”

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিল নিয়ে নিজেদের অবস্থান জানান পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ।

গত ১৬ জুন বিরোধী দলের আপত্তির মুখে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে তোলা হয়।

পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ৩ জুন বিলটি সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রীসভা।

এ বিল নিয়ে আপত্তি জানিয়েছে পাহাড়ের বাঙালি ও পাহাড়ি নেতারা। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনসহ বাঙালিদের কয়েকটি সংগঠন হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করেছে। পাশাপাশি পাহাড়ি নেতারাও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

রোববারে সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকার সত্যিকার অর্থে ভূমি কমিশন সংস্কার করতে চাইলে গত চার বছরে করতে পারত। কিন্তু তা না করে নির্বাচনী বৈতরণী পার হতেই পাহাড়িদের মধ্যে সংঘাত এবং বাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করতে এ কাজ করছে।

“আগামী সংসদ নির্বাচনে পার্বত্য অঞ্চলে একটি আসনও পাবে না বুঝতে পেরে সরকার পাহাড়ি-বাঙালিদের সংঘাতের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে।”

নির্বাচনের পূর্ব মুহূর্তে এ ধরনের সমস্যা পাহাড়কে কোথায় নিয়ে দাঁড় করাবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ।

অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি বেলায়েত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, সহ-সভাপতি আমিন শরিফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।