২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয়ে আ.লীগ ঐক্যবদ্ধ হবে, আশা আজমতের  

পরাজয়ের পর দল এখন ঐক্যবদ্ধ হলে সেটাই ‘সবচেয়ে বড় সান্ত্বনা’ হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

শনিবার এ সিটির প্রথম নির্বাচনে ১৮ দলীয় সমর্থিত প্রার্থী এম এ মান্নানের কাছে এক লাখেরও বেশি ভোটে পরাজিত হন আজমত, যিনি ১৯৯৫ সাল থেকে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফল মেনে নিয়েছি। জনগণ যা মনে করে তাই করেছে। তাই জনগণকে অভিনন্দন।”

ভোটের সকালেও জয়ের আশা জানিয়ে তিনি বলেছিলেন জনগণের রায় তিনি ‘অবনত মস্তকে’ মেনে নেবেন।

পরাজয়ের কারণ জানতে চাইলে আজমত উল্লা বলেন, “এখানে অনেক গুজব ছড়ানো হয়েছে। বিএনপি-জামায়াতের পক্ষ থেকে কালো টাকা ছিটানো হয়েছে। নির্বাচনে ধর্মীয় ইস্যুকেও ব্যবহার করা হয়েছে। তারপরও জনগণ আমাকে ভোট দেওয়ায় অভিনন্দন।”

এ নির্বাচনে আওয়ামী লীগ আজমতকে সমর্থন দিলেও সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মেয়র পদে প্রার্থী হন এবং প্রতীকও বরাদ্দ পান। তবে পরে দলের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

দলের নেতাকর্মীরা নির্বাচনে আন্তরিক ছিলেন কী না জানতে চাইলে আজমত বলেন, “তৃণমূলের কর্মীরা আন্তরিক ছিল। আপনার কথামতো যদি কেউ আন্তরিক না হয়ে থাকেন, তাদের বিবেক দংশন করবে।

“আমার পরাজয় যদি দলকে ঐক্যবদ্ধ করে তাহলে সেটাই হবে বড় সহায়ক, বড় সান্ত্বনা।”

নিজের বক্তব্য দলের কাছে তুলে ধরবেন বলেও জানান গাজীপুরের এই আওয়ামী লীগ নেতা।