২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাজানো’ প্রশাসনে নির্বাচন  নয়: বিএনপি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ‘সাজানো’ প্রশাসনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে  হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 08:40 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন,  “চার সিটি কর্পোরেশনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ের পর এখন তারা বলতে শুরু করেছে, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। এজন্য তারা (সরকার) ডিসি-এসপি থেকে শুরু করে মাঠ পর্যায়ে দলীয় কর্মকর্তাদের নিয়োগ দিয়ে সোনার সংসার সাজাচ্ছে।

“স্থানীয় ও জাতীয় নির্বাচন এক নয়, আকাশ-পাতাল তফাৎ। সোনার সংসারের প্রশাসন সাজিয়ে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে আমরা অংশ নেব না।”

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল্টারনেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাডাব) উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসার পথিকৃৎ স্যামুয়েল হ্যানিম্যানের ১৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার ভোটের ফল পাল্টানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রফিকুল ইসলাম মিয়া।

সরকারের অদক্ষতার কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন,  “পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে, বেসিক ব্যাংক থেকে ৪ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। পুঁজিবাজার, ডেসনিটিসহ বিভিন্ন ব্যাংক থেকে ক্ষমতাসীনরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। এবার তারা গ্রামীণ ব্যাংককে দ্বিখণ্ডিকরণে হাত দিয়েছে।”

অ্যাডাব সভাপতি আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বক্তব্য দেন।

এছাড়া জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জয় প্রতিরোধ কেন্দ্র ও বাংলাদেশ প্রজন্ম একাডেমীর যৌথ উদ্যোগে আরেকটি আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন।

গ্রামীণ ব্যাংককে বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

সাবেক সচিব এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ অন্য নেতারা বক্তেব্য দেন।