২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নানের ‘হজ ইস্যু’ নতুন করে

প্রায় দুই দশক আগে ধর্ম প্রতিমন্ত্রী থাকার সময় হজযাত্রীদের বাড়ি ভাড়া করা নিয়ে একটি ‘কেলেঙ্কারির’ ঘটনা দিয়ে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী এমএ মান্নানকে ঘায়েল করার চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী শিবির।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সভা-সমাবেশ থেকে পাড়ার গণসংযোগে তার বিরোধী পক্ষের নেতাকর্মীর মুখে ঘুরেফিরেই আসছে হজযাত্রীদের সঙ্গে ‘প্রতারণার’ বিষয়টি, যা নিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে মান্নানকেও।

অন্যদিকে ‘হেফাজতে ইসলামের লোকজনকে নির্যাতনের’ সরকারের বিরুদ্ধে ১৮ দলের অভিযোগকেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী আজমত উল্লাহ খানের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করছেন মান্নানের পক্ষের লোকজন।

তবে এর পাশাপাশি আজমত তিন বার টঙ্গী পৌরসভার মেয়র হয়েও কোনো উন্নয়ন করতে পারেননি বলে প্রচার চালাচ্ছেন তারা।

রোববার সন্ধ্যায় গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় প্রচারণায় নেমেছিলেন আজমত উল্লা খান। তার সঙ্গে ছিলেন সমর্থক বেলায়েত হোসেন, মীর মোশাররফ হোসেন ও আবুল বাশারসহ আরো অনেকে।

Image
গাজীপুরে নির্বাচনের আগে সোমবার এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান।

গাজীপুরে নির্বাচনের আগে সোমবার এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান।

বেশ কয়েকটি জটলায় ভাগ হয়ে প্রচার চালাচ্ছেন তারা। এর একটি জটলার কাছে যেতেই শোনা গেলো ‘হজ কেলেঙ্কারির’ ঘটনা।

“ধর্ম প্রতিমন্ত্রী থাকার সময় হাজার হাজার হজযাত্রীর সঙ্গে প্রতারণা করেছিল মান্নান সাহেব। সে ঘটনা মানুষ মনে রেখেছে। তাই এখানে তার মেয়র নির্বাচিত হওয়া অতো সহজ হবে না,” একদমে বলে গেলেন বেলায়েত হোসেন।

ব্যবসায়ী মোশাররফ বলেন, “মান্নান সাহেবের ইমেজ ভালো না। একারণেই তিনি ১৯৯১ সালে এমপি হলেও তারপর তিনবার হেরেছেন।

“তাছাড়া গাজীপুর এলাকা আওয়ামী লীগের সমর্থক বেশি। তাই মান্নান সাহেবের এখানে জেতার আশা নেই।”

রোববার আজমত উল্লা খানের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সাংসদ ও গাজীপুর পৌরসভার সাবেক মেয়র আকম মোজাম্মেল হক বলেন, “জেনেশুনে যদি কেউ হজ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে সমর্থন করলে ঈমান থাকে কি না, সে প্রশ্ন হেফাজতের কাছে আমার।”

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ধর্ম প্রতিমন্ত্রী হন এম এ মান্নান। ওই সময় গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়, হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া করা হয় প্রতিশ্রুত জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে। এতে বাড়ির ভাড়া থেকেও বেশি অর্থ নেওয়ার অভিযোগ তোলে হজযাত্রীরা।

এ ‘অনিয়মের’ খবর তখন সংবাদ মাধ্যমে প্রচার হয়, সৌদি আরবে বিক্ষোভ করেন হাজীরা।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মান্নান।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। পরে আওয়ামী ক্ষমতায় এসে ওইসব ফাইল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষাও করেছে। কিন্তু আমার বিরুদ্ধে কিছু পায়নি তারা।”

এই ‘অপপ্রচারের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে নালিশও দিয়েছেন বিএনপি নেতার নির্বাচনী এজেন্ট সিদ্দিকুর রহমান।

Image
গাজীপুরে নির্বাচনের আগে সোমবার এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান।

গাজীপুরে নির্বাচনের আগে সোমবার এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান।

এদিকে রোববার রাতে কাউলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে দেখা গেলো মান্নানের একদল সমর্থককে।

লোকজনের সঙ্গে কথা বলার এক ফাঁকে সমর্থক আমিনুর রহমান বলেন, “সারাদেশেই আওয়ামী লীগের অবস্থা খারাপ। হেফাজতে ইসলামকে তারা নির্যাতন  করেছে। এসব কারণে আওয়ামী লীগ এখানে হারবে। এছাড়া আজমত উল্লা সাহেব টঙ্গীতে কোনো উন্নয়ন করতে পারেননি, এজন্য তাকে ভোট দেবে না মানুষ।”

রোববার টঙ্গী এলাকায় এক জনসংযোগে এম এ মান্নান বলেন, “এই সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা, পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নির্যাতন ও নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ ভোটাররা আজ জেগে উঠেছে। এখন শুধু অবাধ ‍ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলেই ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আ স ম হান্নান শাহ প্রায় প্রতিদিনই আসছেন মান্নানের নির্বাচনী প্রচারণায়। তিনিও টঙ্গী পৌরসভার ‘অনুন্নয়ন’ এবং দেশ পরিচালনায় সরকারের ‘ব্যর্থতাকেই’ তুলে ধরছেন।

বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও ভোট টানার প্রচারে এপথেই হাঁটছেন।

পুরনো খবর:

৮১ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ মান্নানের