৮১ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ মান্নানের
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রায় এক-পঞ্চমাংশ প্রিসাইডিং কর্মকর্তাকে নিয়ে আপত্তি তুলেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান।
সোমবার তার নির্বাচনী এজেন্ট সিদ্দিকুর রহমান রিটার্নিং কর্মকর্তার কাছে ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ দেন।
আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকবেন ২ হাজার ২৮৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং সাড়ে ৪ হাজার পোলিং কর্মকর্তা।
অভিযোগ পাওয়ার কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, “আমরা বলেছি, ঢালাওভাবে না বলে সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে কী অভিযোগ আছে, তা জানান।”
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের উপস্থিতিতে প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভার দিনেই মান্নান ইসিতে অভিযোগ জানালেন।
তিনি ওই সভায় অভিযোগ করেন, প্রশাসন নির্বাচনে প্রভাব বিস্তার করছে।
ওই সভায় ধর্ম ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার পাল্টা অভিযোগ তুলেছিলেন সরকারি দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান।
এদিকে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া ছাড়াও ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে আরেকটি অভিযোগও দেন মান্নানের এজেন্ট সিদ্দিকুর।
ওই চিঠিতে বলা হয়, ‘মান্নান ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে হজের টাকা আত্মসাৎ করেছেন’ বলে একটি প্রচারপত্র নগরে ছড়ানো হচ্ছে।
এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী।
