গাজীপুরে ভোটারদের দ্বারে দ্বারে কেন্দ্রীয় নেতারাও
গাজীপুরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও তাদের সমর্থকরা।
সকাল থেকেই ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান এবং ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান কেন্দ্রীয় নেতাদের নিয়ে চষে বেড়ান গাজীপুর সিটি এলাকা।
মান্নানের প্রচারণার সময় তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেন, সরকারের দুঃশাসনের জবাব দিতে টেলিভিশন প্রতীকে ভোট দেয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে।
আগামী ৬ জুলাই ব্যালট বাক্স পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, দীর্ঘ ১৭ বছর পৌর এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ যে সব অবকাঠমোর উন্নয়ন করেছেন, সেই ধারাকে অব্যাহত রাখতে ভোটাররা ব্যালেটের মাধ্যমে দোয়াত-কলমকে জয়ী করবে।
সকাল থেকেই ১৮ দল সমর্থিত প্রার্থী মান্নানের পক্ষে গাছা, পুবাইল, বাসন, গাজীপুর পৌর এলাকা, কোনাবাড়ী, কাশিমপুর, কাউলতিয়া, টঙ্গীবাজার, ব্যাংকার মাঠ বস্তি, এরশাদনগর ও বাস্তুহারায় নির্বাচনী গণসংযোগ করেন নেতারা।
১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে গণসংযোগ করছেন তোফায়েল আহমেদ এমপি, রাশেদ খান মেনন এমপি, অসীম কুমার উকিল, অপু উকিল এমপি, নজরুল ইসলাম এমপি, আকম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, শাহিন মনোয়ারা এমপি, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি, অভিনেতা ঝুনা চৌধুরী, নাদের চৌধুরী, অনন্ত হীরা, কামাল বায়েজীদ, মিজানুর রহমান, গোলাম কুদ্দুস এবং হাসান আরিফ প্রমূখ।
তারা টঙ্গীর পাগাড়, ঝিনু মার্কেট, খরতৈল, সাতাইশ, গাজীপুরা, মধুমতি, দত্তপাড়া, বনমালা এলাকায় গণসংযোগ করেন।
