প্রধানমন্ত্রী ‘সঠিক’ তথ্য পাননি: জাহাঙ্গীর
নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নির্বাচনী এলাকার আলোচিত নাম জাহাঙ্গীর আলম। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এ নেতা গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে আনারস প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এখন তিনি। তার আগে কয়েকদিন ‘অন্তরালে’ থাকার পর সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি, ওই সময় প্রকাশ্যে কেঁদেও ফেলেন তিনি।
গাজীপুরে নির্বাচনী প্রচারের মধ্যে নানা জায়গায়ই শোনা যাচ্ছে জাহাঙ্গীরের নাম। ব্যালটেও থাকছে তার আনারস প্রতীক। শনিবার বিকালে জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিয়াজুল বাশার, মামুনুর রশীদ ও আবুল হোসেনের। সঙ্গে ছিলেন আলোকচিত্রী মুস্তাফিজ মামুন।
প্রশ্ন: সব মিলিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের এখন কী অবস্থা?
জাহাঙ্গীর: এটি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। আমি নির্বাচনের জন্য আমার নগরবাসীর জন্য সবার জন্য দোয়া করি। তারা যেন ভবিষ্যতে একটি পরিকল্পিত শহর পায়। তো আমি একটা আশঙ্কায় আছি। আপনারা জানেন, যদি কোনো কট্টরপন্থী ব্যক্তি এখানে মেয়র নির্বাচিত হয়, যেমন সে যদি আওয়ামী লীগের হয়, তাহলে এখানে অন্যান্য সংগঠনের, বিরোধী দলের এবং বিভিন্ন পেশার মানুষ তার কাছ থেকে শতভাগ সুবিধা পাবে না। বিএনপিরও একজন কট্টরপন্থী ব্যক্তি মেয়র নির্বাচিত হলে সেও একই কাজ করবে।
প্রশ্ন: আপনি বলতে চাচ্ছেন, আওয়ামী লীগ বা বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে সবার সেবা সম্ভব নয়?
জাহাঙ্গীর: আমি সেইভাবে বালিনি। বিএনপি আওয়ামী লীগ না, আমি বলেছি যারা কট্টর, মানে এক সংগঠন করে অন্য সংগঠনের মানুষকে দেখতে পারে না, সেই ধরনের ব্যক্তিরা যেন নির্বাচিত না হতে পারে।
প্রশ্ন: এখন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে কট্টরপন্থী আছেন কেউ?
জাহাঙ্গীর: হ্যা….আমি মনে করি তারা কট্টরপন্থী। তাদেরকে আমি অনুরোধ করবো সেই কট্টরপন্থা থেকে তারা যেন ফিরে আসে।
প্রশ্ন: এখানে আপনার কী পরিমাণ সমর্থক রয়েছে?
জাহাঙ্গীর: এখানে আমার লক্ষ লক্ষ সমর্থক আছে। এখানে ৩২৯ কিলোমিটারের মধ্যে সব এলাকাতেই গিয়েছি, সব পেশার মানুষের সঙ্গেই আলোচনা করে দেখেছি, আমার যে চিন্তাশক্তি তারা সেটাকে সমর্থন করেছিলো। তাদের চাওয়া-পাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আইন এবং ভাগ্য এবং নিয়তি মানুষকে যেটা করে সেটাই আমার হয়েছে। আমি তারপরও হাল ছাড়িনি। আমি তাদের ভবিষ্যত কিছু একটা করে দিতে চাই।
জাহাঙ্গীর: একটা হলো জনপ্রতিনিধির মাধ্যমে, আরেকটা হচ্ছে নিজস্ব চিন্তা দিয়ে এবং নিজস্ব মেধা দিয়ে মানুষকে কিছু বলা। আমি দুটো জিনিসই চেষ্টা করছি। যদি আমি জনপ্রতিনিধি না হতে পারি তাহলে আমি চেষ্টা করবো আমার চিন্তা, আমার কথা মানুষকে বোঝানোর জন্য।
প্রশ্ন: এখানে প্রার্থিতা নিয়ে প্রধানমন্ত্রীকে বৈঠক করতে হয়েছিল। আপনাকে কে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিল?
জাহাঙ্গীর: আমি এখানে বিদ্রোহী প্রার্থী ছিলাম না। আমাকে মনোনীত করেছিল নাগরিক কমিটি। আমি আজকেও বলছি, আমি কিন্তু বিদ্রোহী প্রার্থী না।
প্রশ্ন: প্রধানমন্ত্রীর কাছে কী আনুষ্ঠানিকভাবে যাওয়ার প্রস্তাব এল, নাকি কেউ আপনাকে সেখানে নিয়ে গেল?
জাহাঙ্গীর: প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আনুষ্ঠানিক প্রস্তাবই এসেছিল। তবে প্রধানমন্ত্রী আমাকে সেভাবে চিনতেন না, জানতেন না। কতিপয় লোক তাদের স্বার্থকে লাভবান করার জন্য সত্য জিনিসটাকে মিথ্যার প্রশ্রয় দিয়ে মিথ্যাভাবে নাটক সাজিয়ে তারা প্রধানমন্ত্রীকে সত্য তথ্যটা দেয়নি। সেই হিসেবে প্রধানমন্ত্রীর হয়তো সেই জিনিসটা বুঝতে সময় লেগেছিল।
প্রশ্ন: প্রধানমন্ত্রী আপনাকে কী বললেন?
জাহাঙ্গীর: তিনি আমাকে বলেছেন, আমি নিজে নির্বাচন না করে যেন ১৪ দল যে প্রার্থীকে সমর্থন দিই, তার নির্বাচন করি।
প্রশ্ন: আপনি কি এসময় কোনো শর্ত দিয়েছেন?
জাহাঙ্গীর: শর্তের মধ্যে ছিল, আমার মায়ের সঙ্গে কথা বলতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে দলের বিভিন্ন কমিটির যারা আমাকে সমর্থন করেছে, তাদের যেন সাংগঠনিকভাবে কোনো ক্ষতি করা না হয়। তাদের যেন সঠিক সময়ে সংগঠনের মাধ্যমে মূল্যায়িত করা হয়। এছাড়া রাষ্ট্রীয়, অর্থনৈতিক বা অন্য কোনো কিছু আমি চাইনি।
প্রশ্ন: মায়ের সঙ্গে কথা বলে কী পরে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন?
জাহাঙ্গীর: মাননীয় প্রধানমন্ত্রীও আমার মায়ের সঙ্গে কথা বলেছেন।
প্রশ্ন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর কেন আপনি সরে দাঁড়ালেন? দলীয় প্রার্থীকে জায়গা করে দিতে নাকি প্রধানমন্ত্রীর কথা রাখতে?
জাহাঙ্গীর: আমি সমাজের শান্তি চাই। এখানে দলের মধ্যে বিভক্তি হোক সেটা চাই না। সরকারের মধ্যেও ভুল বোঝাবুঝি হোক সেটাও চাই না।
প্রশ্ন: নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো, আবার উপজেলার ভাইস চেয়ারম্যানের পদও গেলো। তাহলে সবকিছুর মধ্য দিয়ে আপনি কী পেলেন?
জাহাঙ্গীর: আমি উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ থেকে নিজে থেকেই সরে দাঁড়িয়েছি।
প্রশ্ন: আপনি কি সত্যিই ১৪ দল সমর্থক প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে ভোট চাচ্ছেন।
জাহাঙ্গীর: হুঁ (গম্ভীরভাবে বললেন)।
প্রশ্ন: সমর্থনের জন্য তার সঙ্গে (আজমত উল্লা) আপনার কি কোনো বোঝাপড়া হয়েছে?
জাহাঙ্গীর: দলের প্রধানের সঙ্গে বসেছি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
প্রশ্ন: সরে যাওয়ার জন্য আপনার ওপর কোনো চাপ ছিল কি না?
জাহাঙ্গীর: (একটু ইতস্ততভাবে) আমি তো আপনাকে ব্যাখ্যা দিয়েই বললাম যে, এখানে রাষ্ট্র, সরকার, দলের ঊর্ধ্বে তো আমরা কেউ নই। আমি তো সেটাই ফলো করলাম।
প্রশ্ন: প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার সময় আপনি কেঁদে ফেলেছিলেন...।
প্রশ্ন: কয়েকদিন আপনাকে দেখা যায়নি? কোথায় আছেন তা নিয়ে অনেক রকম কথা হয়েছে….
জাহাঙ্গীর: যেহেতু আমার মা অসুস্থ হয়েছিলো, সেও মেডিকেলে ছিলো। আমি মায়ের সেবা বা নিজের শরীরের দিকে লক্ষ রেখেছি। এখন কে কী বললো বা তারা কীভাবে নিল, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।
প্রশ্ন: তাহলে আজমত উল্লা খানের জন্য আপনি সত্যি কাজ করছেন?
কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে ‘হ্যাঁ’ সূচক উত্তর দিলেন জাহাঙ্গীর।
প্রশ্ন: এখানে ভোটের ফলাফলটা কী হতে পারে?
জাহাঙ্গীর: আমি যতটুকু জানি আমার কাছে যারা ছিল যারা সংগঠন করে তারা এখন আমাদের সমর্থনের প্রার্থীর পক্ষেই নেমেছে। কিন্তু সাধারণ মানুষ কী করে, তা ৬ তারিখে বোঝা যাবে।
