আজমতের জন্য কাজ করবেন জাহাঙ্গীর
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আলোচিত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের জন্য কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সেখানে মেয়র প্রার্থী আজমত উল্লা খানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর বলেন, “আমি চেয়েছিলাম নতুন এ সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাতে। কিন্তু এখন গাজীপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আমি ১৪ দলের প্রার্থী আজমত উল্লাহ খানকে স্বেচ্ছায় সমর্থন দিয়েছি। তার দোয়াত কলম প্রতীকে আপনাদের কাছে ভোট চাই।”
তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মতো। তার প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে রূপকল্প-২১ বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
“প্রার্থী হিসাবে নগরবাসীর উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা আমি দিয়েছিলাম। আমি মনে করি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান বিজয়ী হলেও সেসব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।”
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর তার উন্নয়ন পরিকল্পনা পড়ে শোনান।
এ সময় আজমত উল্লা খান বলেন, জাহাঙ্গীর যে ত্যাগ স্বীকার করে আমাকে সমর্থন দিয়েছেন এভাবে ঐক্যবদ্ধ ও ত্যাগ স্বীকার করে কাজ করলে শুধু এ সিটির নয়, দেশেরও উন্নয়ন হবে।
তিনি আধুনিক ও পরিকল্পিত গাজীপুর গড়ার জন্য সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, আজমত উল্লা খানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি আক্তারুজ্জামান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ প্রমূখ।
এর আগে বিকালে আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে জাহাঙ্গীরের সমর্থকরা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন।
পরে সেখানে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান সমর্থিত নেতাকর্মীরা এসে রাস্তা ছেড়ে দিতে বলে। তখন দুইপক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে বিকাল ৫টার দিকে সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা জাহাঙ্গীরকে নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যান।
ঢাকা থেকে রোববার বিকাল ৩টা ১০মিনিটে জাহাঙ্গীর গাজীপুর সদরে বাসন এলাকায় বাসায় পৌঁছেন।
তার কিছু পরেই গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের উদ্দেশে রওনা হন তিনি।
বিকাল সোয়া চারটার দিকে গাজীপুর শহরের প্রধান সড়ক রাজবাড়ী রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় জাহাঙ্গীরের সমর্থকরা রাস্তায় শুয়ে তাকে সংবাদ সম্মেলনে যেতে বাধা দেন।
কয়েকজন সমর্থক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন দেবেন। সমর্থকরা এটা চায় না। তাই সংবাদ সম্মেলনে যাওয়ার পথে শুয়ে সমর্থকরা তাকে বাধা দিচ্ছেন।
বাসন এলাকার বাসা থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, যা বলার তিনি সংবাদ সম্মেলনে বলবেন।
ঢাকা থেকে তার সঙ্গে গাজীপুর আসেন জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জুবাইদুল হক রাসেল।
তিনি বলেন, জেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছেন।
আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন জাহাঙ্গীর। তবে তার দল আওয়ামী লীগ ওই পদে নির্বাচনের জন্য সমর্থন দেয় আজমত উল্লা খানকে।
দলের এই বিভেদ মেটাতে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুই প্রার্থীকেই ঢাকায় ডেকে পাঠান।
দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে আনারস প্রতীক নিয়ে প্রচারে নামা জাহাঙ্গীর রাতের ওই বৈঠকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, যা সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
ওই সময় গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “জাহাঙ্গীর আমাকে বলেছেন, তিনি কষ্টে আছেন, এখন রেস্টে আছেন।”
শনিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানান, জাহাঙ্গীর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। রোববার তিনি এলাকায় ফিরবেন।
গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীর। এনিয়ে যে কমিটি হয়, তার আহ্বায়কও ছিলেন তিনি।
জাহাঙ্গীর গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। মেয়র পদে প্রার্থী হতে ওই পদ থেকে ইস্তফাও দেন তিনি।
জাহাঙ্গীর নির্বাচন থেকে ‘সরে’ দাঁড়ালেও প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় তার নাম ব্যালট পেপারে থাকবে।
নির্বাচনে মেয়র পদে আজমত উল্লাহ ছাড়াও প্রার্থী রয়েছেন বিএনপি সমর্থিত এম এ মান্নানসহ পাঁচজন।
