২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের মুক্তি না দিলে রোববার শিবিরের হরতাল

সংগঠনের কারাবন্দি সভাপতি দেলাওয়ার হোসেনসহ নেতাদের মুক্তি ও নিখোঁজ কর্মীদের সন্ধান না দিলে রোববার সারাদেশে হরতাল করবে বলে ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 12:15 PM

Updated : 25 Apr 2022, 06:55 PM

শুক্রবার ইসলামী ছাত্র শিবিরের  জেনারেল সেক্রেটারি আবদুল জাব্বার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করে বলেন, "সভাপতিসহ কেন্দ্রীয় ও জাতীয় নেতাদের মুক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী কৃর্তক গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আদালতে হাজির করা না করার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ হবে। দাবি আদায় না হলে আগামী ৩০ জুন রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।"

ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি দাবি করেন, শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হচ্ছে। একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন আটকে রেখে কারাগারে নির্যাতন চলছে। ছাত্রশিবির নেতাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অপহরণ করিয়ে নিয়মানুযায়ী আদালতে হাজির না করে অজ্ঞাত স্থানে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে।

"উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা বাহিনী কারো কোন সন্ধান দিচ্ছে না। বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শাহ মো. ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের। সরকার যদি কারারুদ্ধ নেতৃবৃন্দের মুক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত নেতাদের সন্ধান না দেয়; তাহলে আগামী রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে আমরা বাধ্য হবো।"

সংগঠনের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে জেনারেল সেক্রেটারি আবদুল জাব্বার তাদের যৌক্তিক ও ন্যায় সংঘত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।