২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি বাতিল সরকারের ব্যর্থতায়: বিএনপি

সরকারের ব্যর্থতার কারণেই বাংলাদেশে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) যুক্তরাষ্ট্র স্থগিত করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 09:16 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার সকালে এক আলোচনা সভায় দলের মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ সকালে খবরে দেখলাম - জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র স্থগিত করেছে। সরকারের নিয়োজিত লবিস্টরা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।’’

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন।

এর ফলে কারখানার কর্ম পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্ক বা কোটামুক্ত সুবিধা পাবে না।

প্রেসিডেন্ট ওবামার আদেশে বলা হয়, ‘আমি নিশ্চিত, বাংলাদেশের পাওয়া জিএসপি সুবিধা এখন স্থগিত করাই শ্রেয়… কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ বাংলাদেশ নেয়নি।”

ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) ও দৈনিক আমার দেশের যৌথ আয়োজনে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, “পোশাক শিল্পের এই ব্যর্থতার জন্য সরকারই দায়ী। সাভারের রানা প্লাজা ধসে অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুন লেগে অনেক শ্রমিক জীবন্ত দগ্ধ হয়েছে। সরকার কোনো ব্যবস্থাই নেয়নি।”

এর আগে সরকারের ব্যর্থতার কারণেই পদ্মাসেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে গিয়েছিল বলেও অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।

“এভাবেই আমাদের সব স্বপ্ন তাদের ব্যর্থতার কারণে খান খান হয়ে যাচ্ছে।’’

আমার দেশের ছাপাখানা বন্ধের প্রতিবাদ এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আমাদের জন্য কলঙ্ক ছাড়া আর কিছু নয়। এর ফলে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হবে। এতে শুধু দেশের আর্থিক ক্ষতিই হবে না, বর্হিবিশ্বে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে।”

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে দেশের অনেক কল-কারখানা বন্ধ হয়ে যেতে পারে, বেকারত্ব বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সরকারের ব্যর্থতার কারণেই পোশাক শিল্পখাত আজ বিপদের মুখোমুখী। এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।”

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র জিএসপি ফিরিয়ে দেবে, আশা সরকারের