নির্দলীয় সরকারের প্রশ্নই ওঠে না: তোফায়েল
নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিরোধী দলের দাবি নাকচ করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, “তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের প্রশ্নই ওঠে না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে।”
বৃহস্পতিবার সংসদে তোফায়েলের এই বক্তব্যের আগেই বিএনপি নেতা মওদুদ আহমদ নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের দাবি জানান।
সাম্প্রতিক সব নির্বাচনের ফলাফল তুলে ধরে তোফায়েল বলেন, “শেখ হাসিনা প্রমাণ করেছেন, দলীয় সরকারের অধীনে অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে।
“এখন আর সেই দিন নেই। মিডিয়া শক্তিশালী। নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই।”
বিরোধী দলকে আন্দোল ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, “আসুন, আপনারা-আমরা মিলে অবাধ নির্বাচন করবো।”
তোফায়েলের আগে সুরঞ্জিত সেনগুপ্ত এবং সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে আসতে বিরোধী দলকে আহ্বান জানান।
আব্দুস শহীদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কথা এখন পচা-বাসি। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারাও যাবেন, আমরাও যাবো।”
