২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা চাইলে প্রস্তাব দিন: মওদুদ

আগামী নির্বাচন নিয়ে চলমান সঙ্কট অবসানে সরকারকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন মওদুদ আহমদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

সঙ্কট নিরসনে আলোচনার ওপর জোর দিয়ে বৃহস্পতিবার কয়েকজন সংসদ সদস্যের আলোচনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আহ্বান জানান।

মওদুদ বলেন, “সঙ্কট নিরসনে প্রস্তাব আপনাদের দিতে হবে, আপনাদেরই এগিয়ে আসতে হবে। এজন্য যে কোনো স্থানে আলোচনার জন্যে আমরা প্রস্তুত আছি।”

সংবিধান সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হওয়ায় এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি।

দুই দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকে দুই দলের মধ্যে সংলাপের ওপর জোর দিচ্ছেন অনেকে। 

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে জানিয়ে তা নিয়ে আলোচনায় আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

মওদুদ বলেন, “সংবিধানের অধীনে নির্বাচন আমরাও চাই। তবে সেটা সংশোধিত সংবিধান হতে হবে। এ সংসদেই সংবিধান সংশোধন করুন।”

নির্দলীয় সরকারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ‘মৌলিক কাঠামো’ যেভাবে ছিল, সেভাবেই রাখার দাবি জানান তিনি। 

“আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেয়া হবে না। তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা কে হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে।”

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি নেতা বলেন, আবারো ‘ওয়ান-ইলেভেন’ এলে ক্ষমতাসীন আওয়ামী লীগেরই বেশি ক্ষতি হবে।

“আমাদের ভয়ের কিছু নেই, ভয় আপনাদের থাকা উচিত। কারণ, আপনারাই সর্বশেষ ক্ষমতায় থাকবেন।”

রাত ১০টার পর শুরু করে প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখেন মওদুদ। সময় নিয়ে জোরাজুরিও করেন তিনি।

ডেপুটি স্পিকার শওকত আলী বিএনপিকে নেতাকে বক্তব্য দেয়ার আহ্বান জানিয়ে তাকে ৩০ মিনিট সময় বরাদ্দ দেন।

মওদুদ তখন বলেন, “মাননীয় স্পিকার আমাকে ৫০ মিনিট সময় দিতে হবে।

ডেপুটি স্পিকার তখন তাকে বক্তব্য শুরু করতে বললেও বিরোধী দলের এই সংসদ সদস্য বলতে থাকেন, তাকে ৫০ মিনিট সময়ই দিতে হবে।

“৫০ মিনিট সময় না দিলে আমি বসে পড়বো। আমাকে বলা হয়েছে, ৫০ মিনিট সময় পাবো, আমাকে তা-ই দিতে হবে।”

ডেপুটি স্পিকার তখন সময় বাড়িয়ে ৩৫ মিনিট করলেও মওদুদ আগের বক্তব্যেই অনড় থাকেন।

এরপর শওকত আলী বার বার আহ্বানে বক্তব্য শুরু করেন সাবেক এই আইনমন্ত্রী।

এর আগে সন্ধ্যায় বাজেটের ওপর আলোচনায় প্রধান হুইপ আব্দুস শহীদ বলেন, বিরোধী দল বাজেটের ওপর ১০ ঘণ্টা আলোচনা করেছে।

বিরোধী দলকে কথা বলতে দেয়া হয় না বলে অভিযোগের জবাবে এই তথ্য জানান তিনি।

মওদুদের আগে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ জমিরউদ্দিন সরকার সংসদে ‘অশালীন’ বক্তব্যের সমালোচনা করেন।

তিনি বলেন, “জাতির পিতা বলি আর না বলি, বঙ্গবন্ধু বলি আর না বলি, হি ইজ গ্রেট ওয়ান।”

গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধুর অবদান স্বীকার করে স্বাধীনতার পর তার বাকশাল গঠনের সমালোচনা করেন জমিরউদ্দিন।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জন্ম ইতিহাস নিয়ে সংসদে সরকারি দলের কয়েকজন সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানান সাবেক এই স্পিকার।

জমিরউদ্দিনের বক্তব্যের পর সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ বলেন, “উকিল-ব্যারিস্টাররা সম্মানীয় ব্যক্তি। তাদের সম্পর্কে কিছু বলতে চাই না। তবে ছাত্রজীবনে রাজনীতি করার সময় শুনেছি বটতলার উকিলরা কথা সাজিয়ে চোরের পক্ষে সাফাই দেন।”

তিনি আরো বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কথা এখন পচা-বাসি। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারাও যাবেন, আমরাও যাবো।”

পুরনো খবর:

‘ওই’ দিন শেষ: সুরঞ্জিত