২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওই’ দিন শেষ: সুরঞ্জিত

ভোট কারচুপি কিংবা অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার পথ আর নেই জানিয়ে বিরোধী দলকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এক্ষেত্রে কোনো প্রস্তাব থাকলে তা দ্রুত সংসদে উত্থাপনের জন্যও বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

সুরঞ্জিত রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সংসদে বলেন, “পানি ঘোলা হলে মাছ শিকার করবেন? আইসা যাবে কেউ ‘আসসালামু আলাইকুম দেশবাসী...রাষ্ট্রপতি হইলাম’। ওই দিন চলে গেছে। রাতারাতি কেউ এসে যাবে ওই দিন শেষ।

“রাষ্ট্রপতি হয়ে, সেনাপতি হয়ে সামরিক শাসন দিয়ে হ্যাঁ-না ভোট দেবেন, সে দিন চলে গেছে।”

বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগও নেই বলে বিরোধী দলকে আশ্বস্ত করেন সুরঞ্জিত।

“বিশ্বে কারচুপির দিন আর নেই। দৃশ্য পাল্টেছে। ভোটের পরে কারচুপির কথা বললে এখন মানুষ হাসে। রাজনীতিবিদ সম্পর্কে বাজে ধারণা করে।”

নির্বাচন কমিশন শক্তিশালী কিভাবে করা যায়, তার প্রস্তাব দিতে বিরোধী দলকে আহ্বান জানান তিনি।

সংবিধান সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হওয়ায় এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি।

দুই দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকে দুই দলের মধ্যে সংলাপের ওপর জোর দিচ্ছেন অনেকে। 

Image
সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

সুরঞ্জিত বলেন, “যতই দিন যাচ্ছে, আলোচনার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে বলছি না, তবে ন্যারো হয়ে যাচ্ছে। এটা ঠিক হবে না। আপনারা আসেন।”

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে শেখ হাসিনার প্রস্তাব তুলে ধরে সুরঞ্জিত বলেন, “আমাদের প্রধানমন্ত্রী একটা প্যাকেজ ডিল দিয়েছেন, ঠিক আছে, আসেন কথা বলি। একটা অবাধ নির্বাচন করতে চাই, উইথ ইন দ্য কন্সটিটিউশন। সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হতে পারে।”

সংবিধান অনুযায়ী অক্টোবরের মধ্যে বর্তমান সংসদের মেয়াদ ফুরিয়ে যাবে জানিয়ে ওই সময়ের মধ্যেই সমঝোতার আহ্বান জানান তিনি।

“আমরা আর সময় নষ্ট যেন না করি। আপনাদের এ সম্পর্কে কোনো বক্তব্য থাকলে বলেন। আসেন আমরা আলোচনা করি। এ আলোচনা সংসদের মধ্যে হতে পারে, সংসদের বাইরেও হতে পারে।”

নির্বাচন বয়কটে বিরোধী দলের হুমকির জবাবে সুরঞ্জিত বলেন, “বয়কট আপনারা করতে পারেন, আর কেউ করতে পারে না? তত্ত্বাধায়ক না হলে আপনারা বয়কট করবেন..আওয়ামী লীগ যদি কয় তত্ত্বাবধায়ক নির্বাচনে আমরা বয়কট করবো। কী হবে?

“তত্ত্বাবধায়ক মারা গেছে, ওই মরা গাছে ফুল ফোটানো যাবে না। রাজনীতি ঘোলা করতে পারেন, আপনারা কেউ কেউ যাবেন, কেউ যাবেন না, এটা ভাবার কারণ নেই।”

বর্তমান সরকার গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চায় বলে সুরঞ্জিত জানান।